রাজ্য – অসমে ফের সরকার গঠন করতে চলেছে এনডিএ জোট। মঙ্গলবার দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন হিমন্ত বিশ্বশর্মা। তাঁর নেতৃত্বেই রাজ্যে গড়তে চলেছে তৃতীয় এনডিএ সরকার। সকাল ১১টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে শপথগ্রহণ অনুষ্ঠান। রাজ্যপাল লক্ষ্ণণ প্রসাদ আচার্য নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।
অসমের ১২৬ আসনের বিধানসভায় এবারের নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ জোট। বিজেপি একাই জিতেছে ৮২টি আসনে। শরিক দল অসম গণ পরিষদ এবং বড়ল্যান্ড পিপলস ফ্রন্ট পেয়েছে ১০টি করে আসন। অন্যদিকে কংগ্রেসের ঝুলিতে গিয়েছে মাত্র ১৯টি আসন।
হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে মঙ্গলবার আরও চারজন মন্ত্রীও শপথ নেবেন। তালিকায় রয়েছেন বিজেপির দুই নেতা, অসম গণ পরিষদের এক প্রতিনিধি এবং বড়ল্যান্ড পিপলস ফ্রন্টের এক বিধায়ক।
শপথ নিতে চলা নেতাদের মধ্যে অন্যতম রামেশ্বর তেলি। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবার রাজ্য রাজনীতিতে ফিরে এসে ডুলিয়াজান কেন্দ্র থেকে জয় পেয়েছেন। কংগ্রেস প্রার্থী ধ্রুব গগৈকে ১০ হাজার ৪৫৯ ভোটে পরাজিত করেছেন তিনি।
অসম গণ পরিষদের সভাপতি অতুল বরাও নতুন মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন। বোকাখাত কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। এর আগেও কৃষি, পশুপালন এবং নগরোন্নয়ন-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন অতুল বরা।
বড়ল্যান্ড পিপলস ফ্রন্টের বিধায়ক চরণ বোরোও আবার মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন। ২০১৬ সাল থেকে মাজবাট কেন্দ্রের বিধায়ক তিনি। চলতি নির্বাচনে ৫৫ হাজারেরও বেশি ভোটে জয় পেয়েছেন চরণ বোরো।
এছাড়াও অসমের প্রথম মহিলা অর্থমন্ত্রী অজন্তা নিয়োগও মঙ্গলবার শপথ নিতে চলেছেন। টানা পাঁচবার গোলাঘাট কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপির এই প্রবীণ নেত্রী। এবারও তিনি বড় ব্যবধানে জয় পেয়েছেন।
অন্যদিকে বিধানসভার স্পিকার পদে এনডিএর প্রার্থী করা হয়েছে বিজেপি নেতা রঞ্জিত কুমার দাসকে। উল্লেখযোগ্যভাবে, ২০১৬ সালে এনডিএ সরকার গঠনের সময়ও স্পিকারের দায়িত্বে ছিলেন তিনি।
খানাপাড়া ভেটেরিনারি কলেজ মাঠে আয়োজিত এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাশাপাশি একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি ও এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গিয়েছে। অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।




















