পশ্চিম বর্ধমান – নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্যজুড়ে ট্রাফিক নিয়ম কার্যকর করতে আরও কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে পুলিশ প্রশাসন। নবান্নের নির্দেশ মেনে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকাতেও শুরু হয়েছে ট্রাফিক পুলিশের জোরদার অভিযান। বুধবার সকাল থেকেই দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার আম্বেদকর সরণিতে বিশেষ নজরদারি চালান ট্রাফিক পুলিশের কর্মীরা।
মূলত অটো ও টোটোতে অতিরিক্ত যাত্রী তোলা বন্ধ করতেই এই অভিযান শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ট্রাফিক নিয়ম ভাঙতে দেখা গেলেই গাড়ি আটক করে চালকদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে একই ভুল না করার জন্য কড়া নির্দেশও দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে।
শুধু অটো বা টোটো নয়, বাইক ও মোটরসাইকেল চালকদের বিরুদ্ধেও নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। হেলমেট ছাড়া রাস্তায় বেরোলে সঙ্গে সঙ্গে আটক করে সতর্ক করছেন ট্রাফিক পুলিশের কর্মীরা। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতনতার বার্তাও পৌঁছে দেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে খবর, আগামী দিনেও কমিশনারেটের বিভিন্ন এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ প্রশাসনের দাবি, শহর ও শহরতলির বাইরে জাতীয় সড়কগুলিতে অতিরিক্ত যাত্রী বহনের কারণেই বহু সময় বড় দুর্ঘটনা ঘটে। বিশেষ করে অটোর চালকের ডানদিকে যাত্রী বসানো সম্পূর্ণ নিষিদ্ধ হলেও অনেক ক্ষেত্রেই সেই নিয়ম মানা হয় না। তাই এবার এই বিষয়ে আরও কড়া নজরদারি শুরু করেছে ট্রাফিক বিভাগ।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বহু অটো ও টোটোতে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা লাগিয়ে চলাচল করতে দেখা গেলেও ট্রাফিক আইন সবার জন্য সমান বলেই স্পষ্ট বার্তা দিতে চাইছে প্রশাসন। সেই কারণেই বুধবার থেকে রাস্তায় নেমে সরাসরি অভিযান শুরু করেছেন পুলিশ অফিসাররা।



















