উত্তর 24 পরগণা – শাড়ির আঁচল গায়ে জড়িয়ে মেঠো পথে নেমে নিজে হাতে ‘বেআইনি’ গরু বিক্রি আটকাতে দেখা গেল হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক Rekha Patra-কে। শুক্রবার হিঙ্গলগঞ্জের দুলদুলি ফেরিঘাট দিয়ে অবৈধভাবে গরু নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর পান তিনি। এরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গরু বোঝাই গাড়ি আটকান বিধায়ক।
ঘটনাস্থলে গিয়ে রেখা পাত্র নিজেই গাড়ি থেকে গরুগুলি নামানোর ব্যবস্থা করেন। পরে রাস্তার ধারে একটি গাছের ছায়ায় সেগুলিকে বেঁধে রাখা হয়। শুধু তাই নয়, গরুগুলির জন্য বিচুলি ও জলের ব্যবস্থাও করেন তিনি। পুরো ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
রেখা পাত্রের দাবি, মুখ্যমন্ত্রী Suvendu Adhikari বেআইনি গরু ব্যবসার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। তাঁর কথায়, “১৪ বছরের নিচের গরু কেনাবেচা করা যাবে না বলে সরকার জানিয়েছে। অথচ যেগুলি বিক্রি হচ্ছিল, সেগুলি ছোট। তার মানে এরা সরকারের নির্দেশ মানছে না। তাই গরুগুলি আটকানো হয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়। পরে গরুগুলিকে ছেড়ে দেওয়া হয়েছে।”
প্রসঙ্গত, গত বুধবার রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে পশুবলি ও ধর্মীয় কারণে পশুহত্যা নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে গরু, মহিষ, বলদ বা বাছুরের মতো গবাদি পশু বলির ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করা হয়। সেই আবহেই হিঙ্গলগঞ্জে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি বিধায়ক।
রাজনৈতিক মহলের মতে, সন্দেশখালি আন্দোলনের সময় থেকেই বিজেপির পরিচিত মুখ হয়ে ওঠেন রেখা পাত্র। চব্বিশের নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। যদিও সেই নির্বাচনে তৃণমূল প্রার্থী Haji Nurul Islam জয়ী হন। পরে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করা হয় রেখাকে এবং তিনি জয়ী হয়ে বর্তমানে বিধায়ক।
বিধায়ক হওয়ার পর থেকেই এলাকায় সক্রিয় ভূমিকা নিতে দেখা যাচ্ছে তাঁকে। শুক্রবারের এই ঘটনাও সেই বার্তাই আরও স্পষ্ট করল বলে মনে করছে রাজনৈতিক মহল।



















