বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম আবার বৃদ্ধি, কলকাতায় ১৯ কেজির সিলিন্ডার ৩২৫৫.৫০ টাকা

বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম আবার বৃদ্ধি, কলকাতায় ১৯ কেজির সিলিন্ডার ৩২৫৫.৫০ টাকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – মে মাসের শুরুতেই এক ধাক্কায় অনেকটা বেড়েছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। এবার জুন মাসের প্রথম দিনেও ফের মূল্যবৃদ্ধির ধাক্কা খেলেন হোটেল, রেস্তরাঁ ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকরা। সোমবার, ১ জুন থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম আরও ৫৩ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছে। এর ফলে কলকাতায় একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াল ৩২৫৫ টাকা ৫০ পয়সা।

মূলত হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয় ১৯ কেজির এই সিলিন্ডার। ধারাবাহিক মূল্যবৃদ্ধির ফলে ব্যবসায়িক খরচ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। বিশেষজ্ঞদের মতে, এর প্রভাব শেষ পর্যন্ত খাদ্যপণ্যের মূল্যেও পড়তে পারে।

আন্তর্জাতিক পরিস্থিতিকেও এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ফলে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। সেই পরিস্থিতির প্রভাব পড়ছে দেশীয় বাজারেও। তেল বিপণন সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনা করেই বাণিজ্যিক গ্যাসের দাম সংশোধন করছে বলে জানা গিয়েছে।

তবে স্বস্তির খবর, গৃহস্থালির কাজে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। ফলে সাধারণ গ্রাহকদের উপর আপাতত নতুন করে কোনও আর্থিক চাপ পড়ছে না।

উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকেই ধারাবাহিকভাবে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ছে। জানুয়ারিতে ৪৯ টাকা ৫০ পয়সা, ফেব্রুয়ারিতে ৩১ টাকা, মার্চে ১১৪ টাকা ৫০ পয়সা, এপ্রিলে ২১৮ টাকা এবং মে মাসে এক ধাক্কায় ৯৯৪ টাকা বৃদ্ধি পেয়েছিল সিলিন্ডার পিছু দাম। জুন মাসে নতুন করে ৫৩ টাকা ৫০ পয়সা বৃদ্ধির ফলে ব্যবসায়ীদের উদ্বেগ আরও বেড়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top