রাজ্য – মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণামতো ১ জুন থেকে রাজ্যের সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রা পরিষেবা চালু হয়েছে। সোমবার থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে। ফলে সকাল থেকে সরকারি বাসে যাতায়াত করা মহিলাদের কোনও ভাড়া দিতে হয়নি। সচিত্র পরিচয়পত্র দেখিয়েই তাঁরা জিরো ভ্যালু টিকিট সংগ্রহ করে যাত্রা করেছেন।
শুধু শহর বা স্বল্প দূরত্বের বাস নয়, সরকারের ঘোষণা অনুযায়ী দূরপাল্লার সরকারি বাস পরিষেবাতেও মহিলাদের কোনও ভাড়া দিতে হবে না। ফলে দিঘা, দার্জিলিং বা রাজ্যের অন্যান্য পর্যটনকেন্দ্রে সরকারি বাসে যাতায়াতের ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে।
তবে এখনও পর্যন্ত সরকার ঘোষিত ‘পিংক কার্ড’ চালু হয়নি। ফলে অনেকের মনেই প্রশ্ন উঠছে, কার্ড হাতে পাওয়ার আগে দূরপাল্লার বাসে কীভাবে বিনামূল্যে টিকিট বুক করা যাবে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আপাতত সরকারি বাস ডিপো থেকেই এই বুকিং করতে হবে। যাত্রীকে সেখানে গিয়ে একটি বৈধ সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে। পরিচয় যাচাইয়ের পর সংশ্লিষ্ট বাসের জন্য জিরো ভ্যালু টিকিট ইস্যু করা হবে। সেই টিকিট নিয়েই নির্ধারিত দিনে বাসে সফর করা যাবে।
অন্যদিকে, স্থায়ীভাবে এই সুবিধা পাওয়ার জন্য সরকার ‘পিংক কার্ড’ চালু করার প্রস্তুতি নিচ্ছে। এই কার্ডের জন্য নিজের এলাকার বিডিও বা এসডিও অফিসে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিও জমা দিতে হবে।
পিংক কার্ডের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ছবি-সহ পেনশন সংক্রান্ত নথি অথবা স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের সরকারি পরিচয়পত্রের মধ্যে যেকোনও একটি জমা দেওয়া যাবে। এর পাশাপাশি একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবিও জমা দিতে হবে।
সরকারি সূত্রের মতে, পিংক কার্ড চালু হলে মহিলাদের বিনামূল্যে বাস যাত্রার পুরো প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে। তবে কার্ড চালু না হওয়া পর্যন্ত সচিত্র পরিচয়পত্র দেখিয়েই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাওয়া যাবে।




















