তোলাবাজি ও খুনের হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত, আদালত চত্বরে বিক্ষোভ

তোলাবাজি ও খুনের হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত, আদালত চত্বরে বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – কোটি টাকার তোলাবাজি, মানসিক নির্যাতন এবং খুনের হুমকির অভিযোগে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে নিউটাউনের একটি আবাসন থেকে তাঁকে আটক করার পর জিজ্ঞাসাবাদ করে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাঁকে বিধাননগর আদালতে পেশ করা হলে আদালত চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

আদালতে নিয়ে যাওয়ার সময় একদল বিক্ষোভকারী সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম ও গোবর ছোড়েন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী। সাম্প্রতিক সময়ে একাধিক রাজনৈতিক নেতাকে আদালতে আনার সময় যেমন বিক্ষোভের ছবি সামনে এসেছে, এদিনও তার পুনরাবৃত্তি দেখা যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সব্যসাচী দত্তের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এরপর তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়। তদন্তের স্বার্থে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে বলেও সূত্রের খবর।

ঘটনার সূত্রপাত একটি লিখিত অভিযোগকে কেন্দ্র করে। স্থানীয় ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তী অভিযোগ করেন যে, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে তাঁর কাছ থেকে নগদ এক কোটি টাকা নিয়েছিলেন সব্যসাচী দত্ত। পরবর্তীতে টাকা সংক্রান্ত বিরোধের জেরে তাঁকে দীর্ঘদিন ধরে মানসিকভাবে চাপ দেওয়া হয় এবং বিষয়টি প্রকাশ্যে আনলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। রাজনৈতিক পরিস্থিতি বদলের পর সাহস সঞ্চয় করে থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও দাবি করেন অভিযোগকারী।

এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের অগ্রগতির পর সোমবার রাতে সব্যসাচী দত্তের বাসভবনে পৌঁছে তাঁকে আটক করা হয়। পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতারির সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে, সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সব্যসাচী দত্ত। সংবাদমাধ্যমের সামনে তিনি দাবি করেন, অভিযোগগুলি মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। তাঁকে রাজনৈতিকভাবে হেনস্থা ও ফাঁসানোর জন্যই এই অভিযোগ আনা হয়েছে বলে তাঁর বক্তব্য। পাশাপাশি তিনি অভিযোগকারীর অতীত রেকর্ড নিয়েও প্রশ্ন তোলেন এবং তদন্তকারী সংস্থাকে অভিযোগের সত্যতা প্রমাণ করার চ্যালেঞ্জ জানান।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বারাসত কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন সব্যসাচী দত্ত। এর আগে তিনি রাজারহাট-নিউটাউন এলাকার বিধায়ক, বিধাননগরের মেয়র এবং ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রেফতারি এবং আদালত চত্বরে বিক্ষোভকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top