খেলা – শনিবার থেকে শুরু হতে চলেছে ভারত ও আফগানিস্তানের বহুল প্রতীক্ষিত একদিনের আন্তর্জাতিক সিরিজ। এই সিরিজের মধ্য দিয়েই আসন্ন ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ভারতীয় দল। দীর্ঘদিন পর নিজেকে সম্পূর্ণ ফিট প্রমাণ করে জাতীয় দলে ফিরছেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। আর প্রত্যাবর্তনের ম্যাচেই তাঁর সামনে রয়েছে একটি ঐতিহাসিক নজির গড়ার সুযোগ।
ভারতের জার্সিতে সবচেয়ে বেশি বয়সে ওডিআই ম্যাচ খেলার রেকর্ড এবার নিজের নামে করতে চলেছেন ‘হিটম্যান’। এতদিন এই রেকর্ডটি ছিল ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য মোহিন্দার অমরনাথের দখলে। ১৯৮৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজের শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে তিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
তবে ধর্মশালায় আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামলেই সেই দীর্ঘ ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বেন রোহিত শর্মা। অভিজ্ঞ এই ব্যাটারের প্রত্যাবর্তন শুধু ভারতীয় দলের ব্যাটিং শক্তিকেই বাড়াবে না, বিশ্বকাপের আগে দলের আত্মবিশ্বাসও অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক ও ব্যাটার হিসেবে ইতিমধ্যেই নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন রোহিত। এবার আরও একটি বিশেষ রেকর্ড তাঁর কেরিয়ারে নতুন মাত্রা যোগ করতে চলেছে।




















