রাজ্য – নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস বিতর্কের জেরে বাতিল হওয়া পরীক্ষার পুনরায় আয়োজন করা হচ্ছে রবিবার। দুপুর ২টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ভিড় জমাতে শুরু করেন পরীক্ষার্থীরা। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের উপর রাজনৈতিক চাপও ক্রমশ বাড়ছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক শিবির।
এই আবহেই শান্তিনিকেতনে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি স্পষ্টভাবে জানান, প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনায় কেন্দ্রীয় সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। তাঁর বক্তব্য, ভবিষ্যতে এমন ঘটনা রুখতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং ইতিমধ্যেই একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশ্বভারতীর অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান, নিট প্রশ্নফাঁসের তদন্তভার ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য সামনে আনা হবে এবং ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে ঘিরে রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছে। বিরোধী শিবিরের পক্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর জবাবদিহি দাবি করা হচ্ছে। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিরোধীদের উদ্দেশে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, “কোথায় ককরোচ? আমি তো দেখতে পাচ্ছি না।”
এদিকে দীর্ঘ বিতর্ক ও অনিশ্চয়তার পর রবিবার ফের অনুষ্ঠিত হচ্ছে নিট-ইউজি ২০২৬। পরীক্ষা প্রক্রিয়ায় আনা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন। পরীক্ষার সময়সীমা ১৫ মিনিট বাড়িয়ে মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। দুপুর ২টো থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত। প্রশ্নপত্র ফাঁস রোধে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। প্রশ্নপত্র দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে বিশেষ নিরাপত্তার সঙ্গে বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পরিবহনে কোনও সমস্যা না হয় এবং পরীক্ষার স্বচ্ছতা বজায় থাকে।
অন্যদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বভারতীর গৌরপ্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ দেখা যায়। পড়ুয়া, অধ্যাপক এবং কর্মী মিলিয়ে প্রায় ১,৫০০ জন এই অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ, কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায়, জেলাশাসক ধবল জৈন, পুলিশ সুপার বিদিত রাজ বন্দেশ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আয়োজকদের দাবি, রাজ্য প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।



















