বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণ রাজমিস্ত্রির, শোকে স্তব্ধ মুর্শিদাবাদের মানিকনগর

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণ রাজমিস্ত্রির, শোকে স্তব্ধ মুর্শিদাবাদের মানিকনগর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মুর্শিদাবাদ – মুর্শিদাবাদ জেলার এক তরুণ রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত যুবকের নাম ইসমাইল সেখ (২৪)। তিনি মুর্শিদাবাদ থানার কাপাসডাঙ্গা অঞ্চলের মানিকনগর এলাকার বাসিন্দা ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যের আকস্মিক মৃত্যুতে অসহায় অবস্থার মুখে পড়েছে তাঁর পরিবার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসমাইল সেখ নবগ্রাম থানার নারকেলবাগান গ্রামে একটি বাড়ির ঢালাইয়ের কাজে গিয়েছিলেন। কাজ চলাকালীন অসাবধানতাবশত মাথার ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ওই তরুণ শ্রমিক।

ঘটনার পর সহকর্মী এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। পরে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ইসমাইলের অকালমৃত্যুর খবরে মানিকনগর এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি। তাঁর আয়ের উপরই নির্ভরশীল ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা। ফলে এই দুর্ঘটনার পর পরিবারটি চরম আর্থিক ও মানসিক সংকটের মধ্যে পড়েছে।

স্থানীয় বাসিন্দা, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীরা পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন। এলাকাবাসীর উদ্যোগে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়েও আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতা ছাড়া এই কঠিন পরিস্থিতি থেকে পরিবারের পক্ষে বেরিয়ে আসা সম্ভব হবে না।

এদিকে অন্য এক ঘটনায়, রাজ্যপাল আর. এন. রবির আসন্ন মালদা সফরকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। জানা গিয়েছে, তিনি পুরাতন মালদার শর্বরী এলাকায় অবস্থিত গুরুদ্বারা এবং কালাচাঁদ স্কুল মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

সফরকে ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থার খতিয়ে দেখতে শনিবার পরিদর্শনে যান মালদা জেলার পুলিশ সুপার অনুপম সিং। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়, ডিএসপি (ট্রাফিক) মুঙ্গেস সুব্বা, মালদা থানার আইসি গোপাল বিশ্বাস-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

অনুষ্ঠানস্থল, নিরাপত্তা বলয়, যান চলাচল নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের সুবিধাসংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। রাজ্যপালের সফর যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে প্রশাসন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top