রাজ্য – রাজ্যে পালাবদলের পর থেকেই হুমকি ও উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার। সেই আবহেই আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের বহরমপুর থানায় তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহরমপুরে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবীর এমন কিছু মন্তব্য করেন, যা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁর বক্তব্যে বিরোধী রাজনৈতিক কর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি এবং সংঘর্ষের ইঙ্গিত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
এই বক্তব্যের বিরুদ্ধেই বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে, সামাজিক সংগঠন ‘রাম সীতা সেবা মন্দির’-এর যৌথ উদ্যোগে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জনসভার বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে এবং আইন ভঙ্গ বা উস্কানিমূলক মন্তব্যের প্রমাণ মিললে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এদিকে হুমায়ুন কবীরের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, রাষ্ট্র বা আইনশৃঙ্খলার বিরুদ্ধে কেউ উস্কানিমূলক মন্তব্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং তার পরিণতি সংশ্লিষ্ট ব্যক্তিকেই ভোগ করতে হবে।



















