রাজ্য – রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তোলাবাজি, শ্লীলতাহানি এবং খুনের হুমকির মতো একাধিক গুরুতর অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয়েছে একটি পরিবার। একই মামলায় ঠাকুরপুকুর এলাকার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ঘনশ্রী বাগ, তিলক ভট্টাচার্য এবং সুদীপ ঘোষের নামও উল্লেখ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঠাকুরপুকুর থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগকারী পরিবারের দাবি, ২০২০ সালের একটি রাজনৈতিক ঘটনার পর তাঁদের পরিবারের এক সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাঁকে গ্রেফতার করে জেল হেফাজতে পাঠানো হয়। অভিযোগ, প্রতিবাদ জানাতে গেলে তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে তাঁদের উপর চাপ সৃষ্টি করা হয় এবং পারিবারিক ব্যবসাও দীর্ঘদিন বন্ধ হয়ে যায়, যার ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় পরিবারটিকে।
অভিযোগে আরও বলা হয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিকে মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে ২৫ লক্ষ টাকা আদায় করা হয়। পরে আরও ১ কোটি টাকা দাবি করা হয় বলে অভিযোগ। টাকা দিতে অস্বীকার করায় পরিবারের সদস্যদের একাধিকবার খুনের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগকারীর দাবি।
পরিবারের অভিযোগ, ২০২০ সালের জুলাই মাসে সংশ্লিষ্ট ব্যক্তির জেল হেফাজতেই মৃত্যু হয়। এরপরও তাঁদের উপর বিভিন্নভাবে চাপ, হুমকি ও হয়রানি অব্যাহত ছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর নিরাপত্তা ও ন্যায়বিচারের আশায় তাঁরা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি পুরনো হওয়ায় ভারতীয় দণ্ডবিধি (IPC)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। তবে অভিযোগগুলির বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।




















