বিশ্বকাপে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ইস্তফা সৌদি ফুটবল প্রধানের

বিশ্বকাপে ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ইস্তফা সৌদি ফুটবল প্রধানের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জেরে এবার পদত্যাগ করলেন সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল-মিসেহাল। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগের ঘোষণা করেন। বিশ্বকাপে জাতীয় দলের ব্যর্থতার সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিয়েই দীর্ঘ সাত বছরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

ইয়াসের আল-মিসেহাল ২০১৯ সাল থেকে সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের স্বত্ব সৌদি আরবের হাতে তুলে আনতেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে সাম্প্রতিক বিশ্বকাপে জাতীয় দলের ব্যর্থতার পর তিনি দায়িত্বে না থাকার সিদ্ধান্ত নেন।

বিশ্বকাপে সৌদি আরব শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পারেনি। প্রথম ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে স্পেনের কাছে ৪-০ গোলে পরাজিত হয় দলটি। শেষ ম্যাচে নবাগত কেপ ভার্দের বিরুদ্ধে ড্র করে মাত্র দুই পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের তলানিতে থেকেই বিশ্বকাপ অভিযান শেষ করে সৌদি আরব।

পদত্যাগের ঘোষণা দিয়ে সামাজিক মাধ্যমে ইয়াসের আল-মিসেহাল জানান, জাতীয় দল পরবর্তী পর্বে উঠতে না পারায় দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। তিনি এই ব্যর্থতার সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিচ্ছেন এবং সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন। তাঁর মতে, দায়িত্বশীলতার জায়গা থেকে ফুটবলের জন্য নতুন নেতৃত্বের সুযোগ তৈরি করে দেওয়াই এখন সবচেয়ে প্রয়োজন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top