মুর্শিদাবাদ – মুর্শিদাবাদের রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টির জনসভায় বিধায়ক হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা অব্যাহত। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ওই সভার দুই আয়োজককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম আমিনুল শেখ ও গোলাম মোস্তাফা। দু’জনকেই রেজিনগর থানা এলাকা থেকে আটক করা হয়েছে এবং তাঁদের বহরমপুর জেলা আদালতে পেশ করা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোলাম মোস্তাফাই রেজিনগর থানার কাছে জনসভার অনুমতির আবেদন করেছিলেন। তিনি কাশীপুর এলাকার বাসিন্দা, যেখানে ওই সভার আয়োজন হয়েছিল। অন্যদিকে ধৃত আমিনুল শেখের বাড়ি রেজিনগরের লোকনাথপুর গ্রামে। তদন্তকারীদের দাবি, এই দু’জনই সভার আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন।
গত ২৬ জুন রেজিনগরের কাশীপুরে আয়োজিত ওই জনসভা থেকেই হুমায়ুন কবীর বিজেপিকে লক্ষ্য করে বিতর্কিত ও উসকানিমূলক মন্তব্য করেন। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং বিষয়টি নিয়ে রাজ্যজুড়ে চর্চা তৈরি হয়।
সোমবার বিধানসভায় এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া অবস্থান নেন। তিনি জানান, সভার আয়োজকদের বিরুদ্ধেই প্রথমে ব্যবস্থা নেওয়া হবে, এরপর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে। তাঁর এই সতর্কবার্তার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযানে নেমে সভার দুই আয়োজককে গ্রেপ্তার করে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।




















