রাজ্য – বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক নতুন সমীকরণের মধ্য দিয়ে এগোলেও ‘ম্যাঙ্গো ডিপ্লোমেসি’র ঐতিহ্য বজায় রাখল ঢাকা। শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য মোট ১১০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার বিকেলে যশোরের বেনাপোল-পেট্রাপোল এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে এই আম ভারতে পৌঁছায়।
জানা গিয়েছে, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে আম হস্তান্তর করা হয়েছে। শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো আমের মধ্যে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় আম্রপালী ও হাঁড়িভাঙ্গা জাতের আম, যা প্রতিবেশী দেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবেই বিবেচিত হচ্ছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের জন্য ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি এবং আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের জন্য ১২০টি কার্টনে ৫ কেজি করে মোট ৬০০ কেজি আম পাঠানো হয়েছে। সব মিলিয়ে দুই মিশনের মাধ্যমে ভারতে এসেছে ১১০০ কেজি আম।
এই আমের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য ১০০ কেজি করে আম বরাদ্দ করা হয়েছে। বাকি ৯০০ কেজি আম দুই রাজ্যের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হবে। এই উদ্যোগকে দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সৌহার্দ্য বজায় রাখার একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।




















