নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র, দিঘা-তাজপুর-মন্দারমণিতে সতর্কতা জারি, সোমবার পর্যন্ত স্নান নিষিদ্ধ

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র, দিঘা-তাজপুর-মন্দারমণিতে সতর্কতা জারি, সোমবার পর্যন্ত স্নান নিষিদ্ধ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর জোড়া প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি, যা চলতে পারে সোমবার পর্যন্ত। এই পরিস্থিতিতে উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ সতর্কতা জারি করেছে প্রশাসন।

সপ্তাহান্তের ছুটিতে দিঘা, তাজপুর ও মন্দারমণির সমুদ্রসৈকতে বিপুল সংখ্যক পর্যটকের ভিড় লক্ষ্য করা গিয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সেজন্য পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও দিঘা পুলিশ সমুদ্র উপকূলে কড়া নজরদারি চালাচ্ছে। পাশাপাশি মাইকিং করে পর্যটকদের বারবার সতর্ক করা হচ্ছে।

দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ উপকূল এলাকাতেও প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সুন্দরবন পুলিশ জেলার অধীন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ স্পিডবোটে করে নদীপথে টহল দিচ্ছেন। নদীর বিভিন্ন ঘাট, খাঁড়ি এবং মাছ ধরার গুরুত্বপূর্ণ রুটে নিয়মিত মাইকিং করে সতর্কবার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, সমুদ্র উত্তাল থাকায় সোমবার পর্যন্ত পর্যটকদের সমুদ্রে নামা এবং স্নান করা সম্পূর্ণ নিষিদ্ধ। সমুদ্রের জলোচ্ছ্বাস থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে। নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, যেসব মৎস্যজীবী ইতিমধ্যেই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে কোনও ট্রলারকে সমুদ্রে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। প্রশাসনের এই পদক্ষেপের মূল লক্ষ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণহানি ও দুর্ঘটনার ঝুঁকি এড়ানো।

এদিকে টানা ছুটির মরশুমে সমুদ্রের জলোচ্ছ্বাস দেখতে সৈকতে ভিড় জমালেও সমুদ্রে নামতে না পারায় অনেক পর্যটকই হতাশ। তবে নিরাপত্তার স্বার্থেই প্রশাসনের নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top