দলীয় তহবিলের আর্থিক লেনদেনে ইডির তদন্তে নতুন মোড়, চার্টার বিমানের অর্থপ্রদান ঘিরে খতিয়ে দেখা হচ্ছে নথি

দলীয় তহবিলের আর্থিক লেনদেনে ইডির তদন্তে নতুন মোড়, চার্টার বিমানের অর্থপ্রদান ঘিরে খতিয়ে দেখা হচ্ছে নথি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিলের আর্থিক লেনদেন নিয়ে তদন্তে নতুন অগ্রগতির দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন একাধিক এলাকায় তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীরা গুরুত্বপূর্ণ নথি ও তথ্য হাতে পেয়েছেন বলে দাবি করেছেন। ইডির অভিযোগ, দলীয় তহবিল থেকে একটি বেসরকারি বিমান পরিষেবা সংস্থার কাছে বিপুল পরিমাণ অর্থ গিয়েছে। সেই অর্থ কীভাবে ব্যয় হয়েছে এবং তার সঙ্গে দলীয় নেতাদের চার্টার বিমান ব্যবহারের কোনও সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ, রাজারহাট-নিউটাউন-সহ একাধিক এলাকায় একযোগে অভিযান চালায় ইডির একাধিক দল। তদন্তের মূল উদ্দেশ্য ছিল চার্টার বিমান ব্যবহারের আর্থিক লেনদেন সংক্রান্ত নথি সংগ্রহ করা। তদন্তকারীরা বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা, সংস্থার কর্ণধার, আর্থিক উপদেষ্টা এবং অর্থপ্রদানের নথিপত্র খতিয়ে দেখেন।

ইডির দাবি, তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ১৬০ কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্য তাদের হাতে এসেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই অর্থের একটি বড় অংশ ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ এবং তাদের সহযোগী সংস্থাগুলির অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে বলে অভিযোগ। সেই কারণেই সংশ্লিষ্ট সংস্থার আর্থিক নথি ও লেনদেনের বিস্তারিত তথ্য পরীক্ষা করা হচ্ছে।

তদন্তকারী সংস্থার দাবি, অতীতে তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা, যার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে, ওই সংস্থার চার্টার বিমান পরিষেবা ব্যবহার করেছিলেন। তবে এই তথ্যের সঙ্গে আর্থিক অনিয়মের কোনও প্রত্যক্ষ যোগ রয়েছে কি না, তা এখনও তদন্তাধীন। ইডি জানিয়েছে, সমস্ত নথি ও আর্থিক লেনদেন বিশ্লেষণ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top