‘সংসদীয় রাজনীতির প্রয়োজনেই কিছু যোগদান, রাজ্যে নির্বিচারে তৃণমূল নেতাদের নেওয়া হবে না’— স্পষ্ট বার্তা শমীক ভট্টাচার্যের

‘সংসদীয় রাজনীতির প্রয়োজনেই কিছু যোগদান, রাজ্যে নির্বিচারে তৃণমূল নেতাদের নেওয়া হবে না’— স্পষ্ট বার্তা শমীক ভট্টাচার্যের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য -;হাওড়ার উলুবেড়িয়ায় সাংগঠনিক বৈঠক থেকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিলেন, কেন্দ্রীয় স্তরে কয়েকজন তৃণমূল নেতার বিজেপিতে যোগদানকে ঘিরে ভুল ব্যাখ্যা করা উচিত নয়। তাঁর কথায়, সংসদীয় রাজনীতির প্রয়োজন বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অর্থ এই নয় যে পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক স্তরে নির্বিচারে তৃণমূলের নেতাকর্মীদের দলে অন্তর্ভুক্ত করা হবে।

শুক্রবার হাওড়া গ্রামীণ জেলার মনসাতলায় দলীয় কোর কমিটির সদস্যদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করেন শমীক ভট্টাচার্য। পরে তিনি দেউলটির একটি হোটেলে আয়োজিত বাগনান ২ নম্বর মণ্ডলের দীনদয়াল উপাধ্যায় মহা প্রশিক্ষণ শিবিরে যোগ দেন। সেখানে উপস্থিত কর্মীদের উদ্দেশে তিনি সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি দলীয় নীতি সম্পর্কেও গুরুত্বপূর্ণ বার্তা দেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির রাজ্য সদর দপ্তরে তৃণমূলের প্রাক্তন সাংসদ সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। তাঁদের উপস্থিতিতে সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের উন্নয়নের ধারায় সামিল হওয়ার লক্ষ্য নিয়েই তাঁরা বিজেপিতে এসেছেন।

‘ভালো তৃণমূল’ মন্তব্য প্রসঙ্গে ফের ব্যাখ্যা দিয়ে বিজেপির রাজ্য সভাপতি জানান, দুর্নীতি, চাকরি বিক্রি বা অন্য কোনও গুরুতর অভিযোগে যাঁদের নাম জড়িয়েছে, তাঁদের জন্য বিজেপির দরজা বন্ধ। তবে সদ্য যোগ দেওয়া তিন নেতার বিরুদ্ধে এমন কোনও অভিযোগ নেই বলেই তাঁদের দলে স্বাগত জানানো হয়েছে। তাঁর বক্তব্য, অতীতকে পিছনে ফেলে এখন তাঁদের একমাত্র পরিচয় বিজেপির সদস্য হিসেবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top