কলকাতা: রাজ্যের সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক করার ঘোষণার পাশাপাশি দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স অঞ্চলে সরকারি ফর্ম ও আবেদনপত্রে নেপালি ভাষার সরকারি ব্যবহারের ক্ষেত্রেও ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সরকারি দপ্তরের কাজ মূলত বাংলা ভাষায় পরিচালিত হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট অঞ্চলে নেপালি ভাষার ব্যবহার নিয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তাকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, নেপালি ভাষাভাষী সম্প্রদায়ের ভাষাগত ঐতিহ্যকে রাজ্য সরকার সর্বোচ্চ মর্যাদা দেয়। তিনি আরও জানান, ভারতের সংবিধানের অষ্টম তফসিলে নেপালি ভাষার স্বীকৃতিকে সরকার সম্পূর্ণভাবে মেনে চলে এবং সেই মর্যাদা বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়েছে, অন্তর্ভুক্তিমূলক প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স অঞ্চলের সরকারি ফর্ম ও আবেদনপত্রে নেপালি ভাষাকে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। সরকারের এই আশ্বাসকে ঘিরে সংশ্লিষ্ট অঞ্চলে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।




















