দুর্নীতির বিরুদ্ধে টোল-ফ্রি হেল্পলাইনে প্রথম দিনেই প্রায় ২ হাজার অভিযোগ, নবান্নে ব্যস্ত কন্ট্রোল রুম

দুর্নীতির বিরুদ্ধে টোল-ফ্রি হেল্পলাইনে প্রথম দিনেই প্রায় ২ হাজার অভিযোগ, নবান্নে ব্যস্ত কন্ট্রোল রুম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: রাজ্যে দুর্নীতি ও বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানানোর উদ্দেশ্যে চালু হওয়া টোল-ফ্রি হেল্পলাইনে প্রথম দিনেই ব্যাপক সাড়া মিলেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, পরিষেবা চালুর প্রথম দিনেই প্রায় ২ হাজার অভিযোগ জমা পড়েছে। শুধু কাটমানি, সিন্ডিকেট, বেআইনি টোল আদায় বা অবৈধ মদের কারবার নয়, অন্নপূর্ণা ভাণ্ডার, জমি-বাড়ি সংক্রান্ত সমস্যা, রাস্তার বেহাল অবস্থা, নিকাশি ব্যবস্থা এবং জল জমার মতো একাধিক বিষয়েও অভিযোগ করেছেন সাধারণ মানুষ।

সরকারি সূত্রে জানা গিয়েছে, কন্ট্রোল রুমে জমা পড়া প্রতিটি অভিযোগ সংশ্লিষ্ট দফতরের কাছে পাঠানো হচ্ছে। বিশেষ করে যে চারটি নির্দিষ্ট বিষয়ে হেল্পলাইন চালু করা হয়েছে, সেই সংক্রান্ত অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফরওয়ার্ড করা হচ্ছে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

মঙ্গলবার ভবানীভবনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতি দমনের লক্ষ্যে চারটি বিশেষ টোল-ফ্রি নম্বর চালুর ঘোষণা করেন। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে পরিষেবা শুরু হয়েছে। চালু হওয়া নম্বরগুলি হল— কাটমানি সংক্রান্ত অভিযোগের জন্য ১৫৫৩৩৪, সিন্ডিকেট সংক্রান্ত অপরাধের জন্য ১৫৫৩৩৫, বেআইনি রোড ট্যাক্স বা টোল আদায়ের অভিযোগের জন্য ১৫৫৩৩৭ এবং বেআইনি মদের কারবারের অভিযোগের জন্য ১৫৫৩৩৯।

সরকারি নির্দেশ অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই নম্বরগুলিতে অভিযোগ জানানো যাবে। নবান্নে গড়ে তোলা বিশেষ কন্ট্রোল রুমের কার্যক্রম মুখ্যমন্ত্রী নিজেও পরিদর্শন করবেন বলে জানানো হয়েছে। একই সঙ্গে প্রশাসনের তরফে সতর্ক করে বলা হয়েছে, ব্যক্তিগত প্রতিহিংসা বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়ো অভিযোগ করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নবান্নের আশা, এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ সরাসরি প্রশাসনের কাছে পৌঁছাবে এবং দুর্নীতি ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া আরও সহজ হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top