চিকেনস নেক সুরক্ষায় খুনিয়া মোড়-জলঢাকা নতুন রেলপথের উদ্যোগ

চিকেনস নেক সুরক্ষায় খুনিয়া মোড়-জলঢাকা নতুন রেলপথের উদ্যোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – ডুয়ার্সের খুনিয়া মোড় থেকে জলঢাকা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেল মন্ত্রক। ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডরের নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যেই এই প্রকল্প নেওয়া হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। প্রস্তাবিত প্রায় ১৭ কিলোমিটার রেলপথ নির্মাণে আনুমানিক ২৭২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বর্ষা শেষ হলে রেল ও বনদপ্তর যৌথভাবে প্রস্তাবিত রেলপথের জমি সমীক্ষার কাজ শুরু করবে।

চালসার কাছে খুনিয়া মোড় থেকে জলপাইগুড়ি ও কালিম্পং বন বিভাগের মধ্য দিয়ে নতুন রেলপথটি জলঢাকা পর্যন্ত যাওয়ার পরিকল্পনা রয়েছে। এই রেল করিডর গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকার সঙ্গে যোগাযোগ আরও সহজ করবে। বিশেষ করে দুর্গম হিমালয় অঞ্চলে সেনাবাহিনীর যাতায়াত এবং দ্রুত রসদ সরবরাহের ক্ষেত্রে এই রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

ভারত-চিন-ভুটান সীমান্তবর্তী অঞ্চলের কৌশলগত গুরুত্বের কথা মাথায় রেখেই প্রকল্পটি পরিকল্পনা করা হয়েছে। ২০১৭ সালে ডোকলাম এলাকায় ভারত ও চিনের সামরিক অস্থিরতার সময় এই অঞ্চলের গুরুত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। নতুন রেল সংযোগের পাশাপাশি সীমান্ত এলাকায় বিকল্প সড়ক ও ভূগর্ভস্থ রেললাইন তৈরির পরিকল্পনাও চলছে।

এর পাশাপাশি সেবক-রংপো রেল প্রকল্প নাথু-লা পাস পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ভারত-ভুটান রেল যোগাযোগ বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে ভুটানের সামৎসে ও গেলেফুকে ভারতের রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ফলে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের কৌশলগত এবং বাণিজ্যিক যোগাযোগ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top