প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ, হাতেনাতে গ্রেপ্তার সাঁকরাইল থানার কনস্টেবল

প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ, হাতেনাতে গ্রেপ্তার সাঁকরাইল থানার কনস্টেবল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



হাওড়া – প্রোমোটারের কাছ থেকে এক লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে গ্রেপ্তার হলেন হাওড়া পুলিশ কমিশনারেটের সাঁকরাইল থানার নাজিরগঞ্জ ফাঁড়ির কনস্টেবল শুভময় মণ্ডল। মঙ্গলবার দুর্নীতি দমন শাখা বা এসিবির অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, এক প্রোমোটারের কাছ থেকে এক লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন ওই পুলিশকর্মী। এরপর বিষয়টি দুর্নীতি দমন শাখার আধিকারিকদের জানান ওই প্রোমোটার। শুধু অভিযোগ জানিয়েই থেমে থাকেননি তিনি। এসিবি আধিকারিকদের পরামর্শ অনুযায়ী, ঘুষের টাকা দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় পৌঁছন তিনি। সেই মতো আগে থেকেই সেখানে ওত পেতে ছিলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। অভিযোগ অনুযায়ী, প্রোমোটারের কাছ থেকে এক লক্ষ টাকা নেওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে যান এসিবি আধিকারিকরা। তাঁদের দেখতে পেয়েই শুভময় ঘুষের টাকার দু’টি বান্ডিল ছুড়ে বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। বাকি টাকাও ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু তার আগেই তাঁকে হাতেনাতে ধরে ফেলেন এসিবি আধিকারিকরা। প্রাথমিক তল্লাশিতে শুভময়ের কাছ থেকে উদ্ধার হয় ৫০ হাজার টাকা। এরপর তিনি যে জায়গায় দু’টি টাকার বান্ডিল ছুড়ে ফেলেছিলেন, সেই জায়গায় তল্লাশি চালান এসিবি আধিকারিকরা। সেখান থেকে উদ্ধার হয় আরও ৫০ হাজার টাকা। সব মিলিয়ে অভিযুক্ত কনস্টেবলের কাছ থেকে এবং ঘটনাস্থল থেকে মোট এক লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে দুর্নীতি দমন শাখা সূত্রে জানা গিয়েছে। ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশকর্মীকে হাতেনাতে গ্রেপ্তারের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন শাখা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top