রাজ্য – শ্যামনগরের ‘মেসার্স এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানায় সম্পন্ন হল এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বেতন চুক্তি। কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শ্রম দফতর এবং দুটি শ্রমিক ইউনিয়ন—স্থায়ী কর্মী ইউনিয়ন ও চুক্তিভিত্তিক কর্মী ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে এই স্মারক চুক্তি বা MoS স্বাক্ষরিত হয়েছে। শিল্পক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং কারখানার ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই আলোচনার মাধ্যমে এই চুক্তি করা হয়েছে। বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং, ভাটপাড়ার বিধায়ক পবন সিং, জগদ্দলের বিধায়ক ড. রাজেশ কুমার, শ্রম দফতরের আধিকারিক এবং দুই শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা। চুক্তির শর্ত অনুযায়ী, স্থায়ী কর্মীরা আগামী পাঁচ বছরে ধাপে ধাপে বর্তমান বেতনের উপর মাসে আনুমানিক ১১ হাজার ৮০০ টাকা অতিরিক্ত পাবেন। এর পাশাপাশি সমস্ত স্থায়ী কর্মী বছরে ২০ শতাংশ হারে বোনাস পাওয়ার অধিকারী হবেন। অন্যদিকে, চুক্তিভিত্তিক কর্মীদের জন্যও রয়েছে বেতন বৃদ্ধির বড় সুবিধা। আগামী পাঁচ বছরে তাঁদের মাসিক বেতন প্রায় ৬ হাজার ৫০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নির্ধারিত ৮.৩৩ শতাংশ বার্ষিক বোনাসের পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীরা এককালীন ১০ হাজার টাকা এক্স-গ্রাশিয়া বা বিশেষ ভাতাও পাবেন। স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী মিলিয়ে এক্সাইড কারখানার মোট প্রায় ১৪০০ জন কর্মী এই দুই চুক্তির সুবিধা পাবেন। শ্রমিকদের আর্থিক সুবিধা বৃদ্ধির পাশাপাশি এই ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে কারখানায় শিল্পশান্তি বজায় রাখা এবং শ্রমিক ও কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার বার্তাও দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি বেতন কাঠামো এবং বোনাস সংক্রান্ত এই চুক্তিকে তাই শ্যামনগরের শিল্পক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।




















