কলকাতা – কলকাতার ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা আরও জোরদার করতে নয়া পদক্ষেপ করল লালবাজার। বৃহস্পতিবার জারি হয়েছে নতুন নির্দেশিকা। সেই নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে নিয়মিত ব্যাঙ্কে ব্যাঙ্কে টহল দেবে কলকাতা পুলিশ। এতদিন ব্যাঙ্কে টহলদারির দায়িত্ব ছিল লালবাজারের গোয়েন্দা বিভাগের ডাকাতদমন শাখার হাতে। এবার সেই দায়িত্ব দেওয়া হল সংশ্লিষ্ট স্থানীয় থানাগুলিকে। নির্দেশিকায় বলা হয়েছে, নিয়মিত ভাবে ব্যাঙ্ক পরিদর্শন করবেন টহলদার পুলিশকর্মীরা এবং নির্দিষ্ট সময় অন্তর ব্যাঙ্কের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে। ব্যাঙ্কে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী রয়েছেন কি না, সিসিটিভি ক্যামেরা ঠিকমতো কাজ করছে কি না, অ্যালার্ম ব্যবস্থা এবং অন্যান্য নিরাপত্তা পরিকাঠামো কার্যকর রয়েছে কি না, সেসবও পরীক্ষা করবেন দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মীরা। শুধু ব্যাঙ্ক খোলা থাকার সময়ই নয়, ব্যাঙ্ক খোলার আগে এবং বন্ধ হওয়ার সময়ও টহল নিশ্চিত করতে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। একইসঙ্গে ব্যাঙ্কের আধিকারিক এবং নিরাপত্তাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাঙ্কের আশপাশের এলাকাতেও নজরদারি বাড়ানো হবে। কোনও সন্দেহজনক ব্যক্তি বা যানবাহনের গতিবিধি নজরে পড়লে দ্রুত তা খতিয়ে দেখবেন পুলিশকর্মীরা। অর্থাৎ, কলকাতার ব্যাঙ্কগুলির নিরাপত্তা ব্যবস্থায় এবার থেকে স্থানীয় থানার পুলিশই আরও সক্রিয় ভূমিকা পালন করবে। লালবাজারের এই নয়া উদ্যোগের লক্ষ্য, ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানকে ঘিরে চুরি, ডাকাতি এবং অন্যান্য অপরাধের সম্ভাবনা কমানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি থাকলে তা দ্রুত চিহ্নিত করা।




















