রাজ্য – সুন্দরবনের ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু হল আরও একটি রয়্যাল বেঙ্গল টাইগারের। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিল বাঘটি। কয়েক সপ্তাহ ধরে বনদপ্তরের নজরদারিতে তার চিকিৎসাও চলছিল। কিন্তু শেষপর্যন্ত শনিবার মৃত্যু হয় বাঘটির। এই মৃত্যুর ফলে ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে আর কোনও বাঘ রইল না। এর আগে কিছুদিন আগেই এই কেন্দ্রেই একটি বাঘিনীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রয়্যাল বেঙ্গলের মৃত্যুতে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে ছিল মৃত বাঘটি। বেশ কয়েক সপ্তাহ আগে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর বনদপ্তরের নির্দেশ অনুযায়ী নিয়মিত পর্যবেক্ষণ এবং চিকিৎসা শুরু হয়। দু’জন পশু চিকিৎসক বাঘটির চিকিৎসা করছিলেন। কিন্তু চিকিৎসা সত্ত্বেও শেষপর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। বনদপ্তরের নিয়ম মেনে ইতিমধ্যেই বাঘটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানানো হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বন বিভাগের অধিকর্তা নিশা গোস্বামী জানিয়েছেন, বাঘটি বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিল এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। কিন্তু শেষপর্যন্ত তাকে বাঁচানো যায়নি। পরপর দুটি রয়্যাল বেঙ্গলের মৃত্যুতে ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। এখন ময়নাতদন্তের রিপোর্টের দিকেই নজর বনদপ্তরের।



















