রাজস্থান – মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল অন্তত তিন সদ্যোজাত শিশুর। সোমবার ভোররাতে হাসপাতালের শিশু ওয়ার্ডে আচমকাই আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় ওই ওয়ার্ডে ৩৯টি সদ্যোজাত শিশু চিকিৎসাধীন ছিল বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ভোররাত সাড়ে তিনটে নাগাদ একটি ভেন্টিলেটরে বিস্ফোরণের পর সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে শিশুদের ওয়ার্ডে। আগুন দেখতে পেয়েই হাসপাতালের কর্মী, চিকিৎসক ও নার্সরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। বেশ কয়েকটি শিশুকে কোনওমতে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হলেও চিকিৎসাধীন তিন সদ্যোজাতকে বাঁচানো যায়নি। এই ঘটনায় আরও ছয় শিশু গুরুতর আহত হয়েছে। তাদের দ্রুত স্থানীয় একটি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করা হয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে ভেন্টিলেটরে বিস্ফোরণ ঘটল, হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর ছিল এবং আগুন লাগার পর উদ্ধারকাজে কোনও গাফিলতি হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মর্মান্তিক এই ঘটনায় হাসপাতাল চত্বরে শোকের ছায়া নেমে এসেছে।




















