রাজ্য – তোলাবাজি বা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে বিজেপিতে থাকার কোনও জায়গা নেই—দলের নেতা-কর্মীদের উদ্দেশে এবার স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, রাজনীতি করে ব্যক্তিগতভাবে উপার্জনের উদ্দেশ্যে কেউ বিজেপিতে আসতে পারবেন না। দলের নাম ব্যবহার করে তোলাবাজি বা দাদাগিরির রাজনীতি করতে হলে বিজেপিতে থাকার প্রয়োজন নেই বলেও কড়া বার্তা দিয়েছেন তিনি। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ১০০ দিন পার হয়েছে। নির্বাচনের আগে বিজেপির তরফে তোলাবাজি, কাটমানি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা দিয়েছেন। কিন্তু দলের একাংশের দাবি, তারপরেও বিভিন্ন এলাকায় বিজেপির স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতিতেই দলের অন্দরে শৃঙ্খলা বজায় রাখতে সুকান্ত মজুমদারের এই কড়া বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, বিজেপির পরিচয় ব্যবহার করে কেউ ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করতে পারবেন না এবং দলের হয়ে কাজ করার সঙ্গে আর্থিক সুবিধা নেওয়ার কোনও সম্পর্ক নেই। তাঁর বক্তব্য, কেউ যদি তোলাবাজির মাধ্যমে নিজের স্বার্থসিদ্ধি করতে চান, তাহলে তাঁর বিজেপিতে থাকার প্রয়োজন নেই। প্রয়োজনে তোলাবাজির রাজনীতি করতে আগ্রহীদের অন্য দলে যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। দলের ভাবমূর্তি এবং দুর্নীতিবিরোধী অবস্থান অক্ষুণ্ণ রাখতেই এই বার্তা বলে বিজেপি সূত্রে দাবি করা হয়েছে।



















