এনডিআরএফের ধাঁচে রাজ্যের নিজস্ব ‘অর্জুন বাহিনী’, সেপ্টেম্বরে আনুষ্ঠানিক সূচনা

এনডিআরএফের ধাঁচে রাজ্যের নিজস্ব ‘অর্জুন বাহিনী’, সেপ্টেম্বরে আনুষ্ঠানিক সূচনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে বড় দুর্ঘটনা বা যেকোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও মোকাবিলার জন্য এবার রাজ্যের নিজস্ব বিশেষ বাহিনী গড়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রীয় বাহিনী বা অন্য রাজ্যের বিশেষজ্ঞ দলের উপর নির্ভরতা কমিয়ে এনডিআরএফ-এর ধাঁচে তৈরি করা হবে ‘অর্জুন বাহিনী’। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সৈনিক বোর্ডের মাধ্যমে এই বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনী তৈরির কাজ এগোচ্ছে এবং আগামী সেপ্টেম্বরেই আনুষ্ঠানিকভাবে এর সূচনা করা হবে। সম্প্রতি তারাতলায় ঘটে যাওয়া দুর্ঘটনার পর রাজ্যের বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা শুরু হয়। সেই পরিপ্রেক্ষিতেই নিজস্ব প্রশিক্ষিত ও দক্ষ বাহিনী তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে অগ্নিবীরদের এই বাহিনীর কাজে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে তাঁদের পাওয়া সম্ভব না হওয়ায় সৈনিক বোর্ডের মাধ্যমে ‘অর্জুন বাহিনী’ গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, বাহিনীর হাতে থাকবে অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম এবং প্রয়োজনীয় পরিকাঠামো, যাতে বিপর্যয়ের সময় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলা করা যায়। পাশাপাশি ভবিষ্যতে এই বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীরদের জন্য ২০ শতাংশ অগ্রাধিকার দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের দাবি, এই বিশেষ বাহিনী তৈরি হলে বন্যা, অগ্নিকাণ্ড, ধস, দুর্ঘটনা কিংবা অন্যান্য বড় বিপর্যয়ের সময়ে রাজ্যের নিজস্ব উদ্ধার ও বিপর্যয় মোকাবিলা পরিকাঠামো আরও শক্তিশালী হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top