রাজ্য – সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। নতুন নির্দেশিকায় সরকারি হাসপাতালে রোগী ভর্তির পর সংশ্লিষ্ট চিকিৎসকের বাইরে প্র্যাকটিসের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, কোনও সরকারি হাসপাতালের চিকিৎসকের অধীনে কোনও রোগী ভর্তি হলে, সেই রোগী ভর্তির পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিন ওই চিকিৎসক অন্য কোথাও প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার উপর যাতে কোনওভাবে প্রভাব না পড়ে, সেই লক্ষ্যেই এই নিয়ম আরও স্পষ্ট করা হয়েছে।
সরকারি মেডিকেল কলেজের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস সংক্রান্ত নিয়মে ‘ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিস রুলস, ২০০৬’-এর উল্লেখ রয়েছে। ওই নিয়মের তৃতীয় ধারা অনুযায়ী, জনস্বার্থে সরকার চাইলে সরকারি মেডিকেল কলেজের চিকিৎসকদের বাইরে প্র্যাকটিস আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ করার নির্দেশ দিতে পারে।
নতুন ব্যবস্থায় সরকারি মেডিকেল কলেজের প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের জন্য প্রতি সপ্তাহে অন্তত একদিন ‘অ্যাডমিশন ডে’ নির্ধারিত থাকবে। সেই দিনে কোনও চিকিৎসকের অধীনে রোগী ভর্তি হলে, পরবর্তী ন্যূনতম তিন দিন অর্থাৎ ৭২ ঘণ্টা অন্যত্র প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না।
রাজ্য সরকারের এই নির্দেশিকার ফলে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের পরিষেবা আরও নিয়ন্ত্রিত হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে রোগী ভর্তি এবং চিকিৎসকের প্রাইভেট প্র্যাকটিসের মধ্যে যাতে কোনও ধরনের সংঘাত তৈরি না হয়, সেই বিষয়টিও নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।




















