কলকাতা: শিয়ালদহ স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের ট্রাফিক ব্লক নিতে চলেছে পূর্ব রেল। শনিবার গভীর রাত থেকে রবিবার সকাল পর্যন্ত প্রায় সাত ঘণ্টা ধরে চলবে এই কাজ। এর জেরে রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি একটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ২৯ অগস্ট শনিবার রাত ১২টা থেকে ৩০ অগস্ট রবিবার সকাল ৭টা পর্যন্ত শিয়ালদহ স্টেশনে পাওয়ার ব্লক থাকবে। মোট ৪২০ মিনিট ধরে ডিএন মেন লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে।
রক্ষণাবেক্ষণের সময় পয়েন্ট নম্বর ২০৮বি এবং ২১৯এ-র পয়েন্ট কনভার্সনের কাজ করা হবে। পাশাপাশি ৫২ কেজি ডিএসএস-এর পরিবর্তে ৬০ কেজি ডিএসএস বসানো হবে। ফিটিংস, ক্রসিং এবং গ্লুড জয়েন্ট বদলের কাজও চলবে। এছাড়াও গ্রাউন্ড ফিটিংস, জাম্পার ও বন্ডিংয়ের ডিসকানেকশন এবং রিকানেকশনের কাজ করা হবে।
এই কাজের কারণে রবিবার শিয়ালদহ-হাবড়া রুটের ৩৩৬৫১ আপ, ৩৩৬৫২ ডাউন, ৩৩৬৫৩ আপ এবং ৩৩৬৫৪ ডাউন লোকাল বাতিল থাকবে। শিয়ালদহ-কল্যাণী সীমান্তের ৩১৩১৩ আপ ও ৩১৩১৬ ডাউন, শিয়ালদহ-ডানকুনির ৩২২১৭ আপ ও ৩২২১৮ ডাউন এবং শিয়ালদহ-রানাঘাটের ৩১৬১৫ আপ ও ৩১৬২০ ডাউন লোকালও বাতিল করা হয়েছে।
এছাড়াও ৩০ অগস্ট লালগোলা-শিয়ালদহ ৫৩১৭২ ডাউন লোকালটি শিয়ালদহ পর্যন্ত যাবে না। দমদম জংশনেই ওই ট্রেনের যাত্রা শেষ হবে। এরপর খালি রেকটি উপযুক্তভাবে শিয়ালদহে নিয়ে যাওয়া হবে।




















