বিনোদন – ২০২৬ যেন টলিউডে পুরনো সম্পর্ক ও জুটির নতুন করে ফিরে আসার বছর। পুজোর পর্দায় দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন নিয়ে যখন দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে, তখনই টালিগঞ্জে এল আরও এক বড় খবর। দীর্ঘ ১১ বছর পর ফের রাজ চক্রবর্তীর সিনেমায় অভিনয় করতে চলেছেন মিমি চক্রবর্তী। পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ বিরতির পর ফের হাত মেলাতে চলেছেন অভিনেত্রী।
রাজ চক্রবর্তী পরিচালিত ‘কাটমুণ্ডু’ ছবিতে শেষবার মিমিকে দেখা গিয়েছিল ২০১৫ সালে। তারপর কেটে গিয়েছে প্রায় এক দশক। রাজ-মিমি জুটি এর আগে ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘যোদ্ধা’র মতো একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছে বাংলা ছবির দর্শকদের। তাই দীর্ঘ বিরতির পর তাঁদের ফের একসঙ্গে কাজ করার খবর স্বাভাবিকভাবেই টলিপাড়ায় নতুন করে আগ্রহ তৈরি করেছে।
টলিপাড়ার অন্দরের খবর, সম্প্রতি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ‘রাজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স’-এর তরফে মিমি চক্রবর্তীর কাছে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব গিয়েছে। নেপথ্যে রয়েছে জি ফাইভ। জানা যাচ্ছে, সংশ্লিষ্ট ওয়েব প্ল্যাটফর্মের জন্য রাজের প্রযোজনা সংস্থার ব্যানারে একটি ছবি তৈরি করছেন পরিচালক অয়ন চক্রবর্তী। সেই ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের জন্যই মিমির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে টলিপাড়ায় গুঞ্জন।
সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি সেপ্টেম্বরের শেষেই ছবির শুটিং শুরু করতে পারেন মিমি চক্রবর্তী। যদিও এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে সত্যিই যদি ১১ বছর পর রাজ-মিমি জুটি ফের পর্দায় ফিরে আসে, তাহলে বাংলা সিনেমার দর্শকদের কাছে তা যে বিশেষ আকর্ষণের হতে চলেছে, তা বলাই বাহুল্য।



















