দেশ – মহানায়ক উত্তমকুমারের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সমাজমাধ্যমে মহানায়কের স্মৃতিচারণ করে তাঁর কালজয়ী অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে গত রবিবারের ‘মন কি বাত’ অনুষ্ঠানে উত্তমকুমারকে নিয়ে নিজের বক্তব্যের অংশও সমাজমাধ্যমে ভাগ করে নেন তিনি।
সমাজমাধ্যমে মোদি লেখেন, ‘মহানায়ক উত্তমকুমার… এক কিংবদন্তি, যাঁর কালজয়ী অভিনয় প্রজন্মের পর প্রজন্মের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে চলেছে।’ জন্মশতবর্ষে মহানায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা চলচ্চিত্রে তাঁর দীর্ঘস্থায়ী প্রভাবের কথাই তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। উত্তমকুমারের অভিনয় যে শুধু একটি নির্দিষ্ট সময়কে নয়, বরং প্রজন্মের পর প্রজন্মের দর্শককে একই ভাবে মুগ্ধ করে চলেছে, তাঁর বক্তব্যে সেই দিকটিই বিশেষ ভাবে উঠে এসেছে।
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তমকুমারের অবদান অনস্বীকার্য। অভিনয়ের নিজস্ব ধরন, পর্দায় ব্যক্তিত্ব এবং একের পর এক স্মরণীয় চরিত্র তাঁকে বাঙালির সাংস্কৃতিক স্মৃতির অন্যতম উজ্জ্বল নাম করে তুলেছে। তাঁর অভিনীত বহু ছবি আজও দর্শকের মনে সমান ভাবে জায়গা করে রয়েছে। জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্যে ফের একবার বাংলা চলচ্চিত্রে মহানায়কের সেই চিরস্থায়ী প্রভাবই সামনে এল।



















