কলকাতা – কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বাণিজ্যিক সংস্থায় অভিযানের পর এবার বেলেঘাটায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাস ও জীবন সাহার বাড়িতে হানা দিল প্রাতিষ্ঠানিক দুর্নীতিদমন কমিশন। শনিবার অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন তদন্ত কমিশনের একটি বিশেষ দল বেলেঘাটায় অলকানন্দা দাসের বাড়িতে পৌঁছে তল্লাশি চালায়।
কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অলকানন্দা দাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিপুল আয়বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর বাড়িতে গিয়ে স্থাবর ও অস্থাবর সম্পত্তির নথি, আয়ের উৎস এবং সম্পত্তি কেনার ক্ষেত্রে দুর্নীতির অর্থ ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখেন কমিশনের আধিকারিকরা।
এর আগে নিউ আলিপুরের টালিগঞ্জ সার্কুলার রোড এলাকায় প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের মালিকানাধীন দুটি সংস্থা—‘হাকিম পলিমেকার’ এবং ‘হাকিম কেমিক্যালস’-এর দফতরেও অভিযান চালিয়েছিল কমিশনের প্রতিনিধিরা। ওই সংস্থাগুলির সঙ্গে কোনও বেআইনি লেনদেন বা প্রাতিষ্ঠানিক দুর্নীতির আর্থিক যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই সেই তল্লাশি চালানো হয়েছিল।
একাধিক প্রাক্তন তৃণমূল নেতা ও জনপ্রতিনিধির সম্পত্তি এবং আর্থিক লেনদেন নিয়ে তদন্তের আবহে পরপর এই অভিযানকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবে অভিযানে কী কী নথি বা তথ্য পাওয়া গিয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।




















