দেশ – রান্নার গ্যাসের ই-কেওয়াইসি বা বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন নিয়ে এবার আরও কড়া অবস্থান নিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। ‘ডিস্ট্রিবিউটরের অফিসে লম্বা লাইন’ কিংবা ‘সার্ভার ডাউন’-এর মতো কারণ দেখিয়ে আর দেরি মেনে নেওয়া হবে না বলে দেশের সমস্ত তেল বিপণন সংস্থাকে জানানো হয়েছে। নির্দেশ অনুযায়ী, আধার অথেন্টিকেশন না করা পর্যন্ত সংশ্লিষ্ট গ্রাহকদের গ্যাস বুকিং অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার কথা বলা হয়েছে।
তবে অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলেও পরে বায়োমেট্রিক আধার যাচাই সম্পন্ন করলে ফের সিলিন্ডার বুক করা যাবে। সেক্ষেত্রে বর্তমানে নিয়ন্ত্রিত খুচরো বিক্রয়মূল্য ৯৬৮ টাকা অনুযায়ী সিলিন্ডার পাওয়ার পাশাপাশি সরকারি ভর্তুকিও গ্রাহকের অ্যাকাউন্টে যোগ হওয়ার সুযোগ থাকবে। অন্যদিকে, আধার যাচাই না করিয়ে সিলিন্ডার নিলে সরাসরি ও পরোক্ষ—দুই ধরনের সরকারি ভর্তুকি থেকেই বঞ্চিত হতে পারেন গ্রাহক।
কেন্দ্রের নির্দেশিকায় আরও বলা হয়েছে, যারা এখনও বায়োমেট্রিক যাচাই করেননি বা তা করতে অনিচ্ছুক, তাঁদের জন্য তেল বিপণন সংস্থাগুলির অনলাইন প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপে পৃথক বিকল্প রাখতে হবে। বর্তমানে ১৪.২ কেজির একটি গ্যাস সিলিন্ডারের বাজারমূল্য প্রায় ১,৬৯৫ টাকা। কেন্দ্রীয় ভর্তুকির ফলে সাধারণ গ্রাহক তা ৯৬৮ টাকায় পান এবং নির্দিষ্ট অঙ্কের সরাসরি ভর্তুকিও অ্যাকাউন্টে জমা হয়। কিন্তু আধার অথেন্টিকেশন না থাকলে পুরো বাজারদরেই সিলিন্ডার কিনতে হতে পারে।
বারবার সময়সীমা বাড়ানোর পর গত ১৪ সেপ্টেম্বর ই-কেওয়াইসি সম্পূর্ণ করার শেষ সুযোগ দেওয়া হয়েছিল। তারপরও দেশজুড়ে প্রায় ৩.১৬ কোটি গ্রাহক এখনও বায়োমেট্রিক যাচাই করাননি বলে মন্ত্রকের তথ্য। এই পরিস্থিতিতে তেল বিপণন সংস্থাগুলির কাছ থেকে আগামী ১৫ দিনের মধ্যে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বিস্তারিত ‘অ্যাকশন টেকন রিপোর্ট’ চেয়েছে কেন্দ্র।


















