হলদিয়ায় শিল্পে বড় বিনিয়োগের বার্তা! পেপসিকো-ইন্ডিয়ান অয়েল থেকে ৬,০০০ কোটির পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট, বিশ্বকর্মা পুজোয় একাধিক প্রকল্পের ঘোষণা

হলদিয়ায় শিল্পে বড় বিনিয়োগের বার্তা! পেপসিকো-ইন্ডিয়ান অয়েল থেকে ৬,০০০ কোটির পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট, বিশ্বকর্মা পুজোয় একাধিক প্রকল্পের ঘোষণা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – বিশ্বকর্মা পুজোর মঞ্চ থেকে হলদিয়ার শিল্পাঞ্চলকে ঘিরে একাধিক বড় বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আমন্ত্রণে হলদিয়ায় বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি পেপসিকোর বড় প্ল্যান্ট, ইন্ডিয়ান অয়েলের নতুন প্রকল্প এবং হলদিয়া পেট্রোকেমিক্যালসের প্রায় ৬,০০০ কোটি টাকার প্ল্যান্ট তৈরির পরিকল্পনার কথা জানান। পাশাপাশি শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার নতুন প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, পেপসিকোর জন্য ইতিমধ্যেই হলদিয়া ও কল্যাণীতে জমি দেখানো হয়েছে এবং সংস্থার প্রতিনিধিরা দুই জায়গাই পরিদর্শন করেছেন। তাদের পছন্দ অনুযায়ী জায়গা চূড়ান্ত হলে প্রায় ৩০ থেকে ৪০ একর জমি দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে সংস্থাটির প্রকল্পটি শেষ পর্যন্ত হলদিয়াতেই আসার সম্ভাবনা বেশি বলেই ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী।

হলদিয়ায় ইন্ডিয়ান অয়েলের সম্প্রসারণ নিয়েও বড় পরিকল্পনার কথা জানান তিনি। তাঁর বক্তব্য, সংস্থাটির জন্য আরও একটি বড় প্রকল্প আনার চেষ্টা চলছে। জমি সংক্রান্ত বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। শিল্পের জন্য জমি বরাদ্দের ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

এদিন হলদিয়ায় ইন্ডিয়ান অয়েলের পুরনো বিনিয়োগের প্রসঙ্গও উঠে আসে। মুখ্যমন্ত্রীর দাবি, তিনি হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বে থাকার সময়ে ২,০০০ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করে ডাউনস্ট্রিম পেট্রোকেমিক্যাল প্রকল্প বা ক্র্যাকার ইউনিট গড়ে তোলা হয়েছিল। সেই ধারাবাহিকতায় আগামী দিনে হলদিয়ায় আরও বড় শিল্প প্রকল্প আনার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি। ফলে একাধিক প্রস্তাব বাস্তবায়িত হলে হলদিয়ার শিল্পাঞ্চলে নতুন করে বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top