চেন্নাই: দেশজুড়ে রাজনৈতিক প্রতিবাদ ও ধরপাকড়ের আবহের মধ্যেই তরুণ প্রজন্মের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, বর্তমানে বিশ্বের যে সমস্ত সমস্যার সমাধান প্রয়োজন, তা খুঁজে বের করার অসাধারণ ক্ষমতা রয়েছে তরুণ প্রজন্মের হাতে। তাই নিজেদের ভবিষ্যৎকে আরও বৃহত্তর পরিসরে দেখার এবং নতুন ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তরুণ-তরুণীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
চেন্নাইয়ের নান্দমবক্কমে চেন্নাই ট্রেড সেন্টারে জয়গোপাল গারোড়িয়া হিন্দু বিদ্যালয় ম্যাট্রিকুলেশন হায়ার সেকেন্ডারি স্কুলের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একটি বিকশিত ভারত গড়ে তুলতে যে নতুন চিন্তাভাবনা ও উদ্ভাবনী সমাধানের প্রয়োজন, তা শুধু দেশের ভবিষ্যৎই বদলাবে না, বরং গোটা বিশ্বের ভবিষ্যৎ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
তরুণ প্রজন্মকে উৎসাহিত করে মোদী বলেন, বিশ্ব আজ বিভিন্ন সমস্যার সমাধান খুঁজছে। সেই সমস্যাগুলির মোকাবিলায় নতুন পথ দেখানোর ক্ষমতা তরুণদের রয়েছে। প্রত্যেক তরুণ-তরুণীকে নিজের ভবিষ্যৎকে একটি বৃহত্তর ক্যানভাসে কল্পনা করার আহ্বান জানান তিনি। তাঁর কথায়, বর্তমান সময় তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে, আর সেই সুযোগ কাজে লাগিয়েই নিজেদের ভাবনা ও দক্ষতাকে এগিয়ে নিয়ে যেতে হবে।
বক্তব্যে তামিলনাড়ুর বিশিষ্ট কবি সুব্রহ্মণ্য ভারতীয়ারের বাণীও উদ্ধৃত করেন প্রধানমন্ত্রী। তরুণদের নির্ভীক হতে, নিজেদের ভাবনা নিয়ে কাজ করতে এবং বড় স্বপ্ন দেখতে উৎসাহ দেন তিনি। প্রচলিত চিন্তার বাইরে গিয়ে নতুনভাবে ভাবার উপরেও জোর দেন মোদী। তাঁর বক্তব্য, ভারতে সম্ভাবনা ও সুযোগের অভাব নেই। তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব।




















