দুর্গাপুজোয় নিরাপত্তায় বিশেষ নজর পশ্চিম মেদিনীপুর পুলিশের! রাতভর পাহারা, ৫০০ কনস্টেবল মোতায়েন, চালু QR কোড

দুর্গাপুজোয় নিরাপত্তায় বিশেষ নজর পশ্চিম মেদিনীপুর পুলিশের! রাতভর পাহারা, ৫০০ কনস্টেবল মোতায়েন, চালু QR কোড

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পশ্চিম মেদিনীপুর: দুর্গাপুজোয় শহর ও জেলার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। পুজোর ভিড় সামলানো থেকে শুরু করে অপ্রীতিকর ঘটনা এড়ানো—সব ক্ষেত্রেই বাড়ানো হচ্ছে নজরদারি। রাতভর নিরাপত্তা নিশ্চিত করতে ২০ জন পুলিশ আধিকারিকের দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি, পুজোর দিনগুলিতে প্রায় ৫০০ কনস্টেবল মোতায়েনের পরিকল্পনাও রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে র‍্যাপিড অ্যাকশন ফোর্স বা RAF মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহিলাদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিয়ে তৃতীয়া থেকেই জেলায় মোতায়েন করা হবে দুর্গাবাহিনী। পুজোর ভিড়ে যাতে মহিলারা নির্বিঘ্নে ঠাকুর দেখতে পারেন, সেই লক্ষ্যেই এই বিশেষ বাহিনী সক্রিয় থাকবে। দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুজোর দিনগুলিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের নজরদারিও বাড়ানো হবে।

এবার দর্শনার্থীদের সুবিধার জন্য বিশেষ QR কোড চালু করার উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। পুজোর ভিড়ে কেউ বিপদে পড়লে বা জরুরি পরিষেবার প্রয়োজন হলে এই QR কোড স্ক্যান করে সংশ্লিষ্ট এলাকার পুলিশের হেল্পলাইন নম্বর, অ্যাম্বুল্যান্স পরিষেবা, হাসপাতাল-সহ প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। এর ফলে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাহায্য পাওয়ার পথ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

পুজোর আনন্দে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা বাধা না হয়ে দাঁড়ায়, সেই লক্ষ্যেই নিরাপত্তা ও জরুরি পরিষেবার উপর জোর দিচ্ছে প্রশাসন। পুলিশি নজরদারি, অতিরিক্ত বাহিনী মোতায়েন এবং QR কোডের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ—সব মিলিয়ে দুর্গাপুজোয় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই জেলা পুলিশের প্রধান লক্ষ্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top