নয়াদিল্লি: উৎসবের মরশুমে জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ বাড়ল সাধারণ মানুষের। পেট্রোলের দাম লিটারপ্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি সংস্থা জিয়ো-বিপি (Jio-bp)। রবিবার, ১১ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই মূল্যবৃদ্ধি সব তেল বিপণন সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
সংস্থার তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল এবং পরিশোধিত জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নিয়ন্ত্রণাধীন জিয়ো-বিপি পেট্রোল ও ডিজেলের নতুন দাম নির্ধারণ করেছে। ফলে এই সংস্থার গ্রাহকদের জ্বালানি কিনতে আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হবে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, মূল্যবৃদ্ধির পর জিয়ো-বিপির পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৯.৮০ টাকা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ৯৭.৭৫ টাকা হয়েছে। তবে বিভিন্ন রাজ্যে স্থানীয় করের পার্থক্যের কারণে পেট্রোল ও ডিজেলের চূড়ান্ত দাম আলাদা হতে পারে।
জ্বালানির দাম বৃদ্ধির ফলে ব্যক্তিগত গাড়ি ও বাইক ব্যবহারকারীদের পাশাপাশি পরিবহণ ক্ষেত্রেও খরচের চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। ডিজেলের দাম বাড়লে পণ্য পরিবহণের খরচেও প্রভাব পড়তে পারে। উৎসবের মরশুমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও যাতায়াতের খরচের উপর এই মূল্যবৃদ্ধির কী প্রভাব পড়ে, এখন সেদিকেই নজর।




















