সরকারি হাসপাতালের চেহারা বদলাতে পরিচ্ছন্নতায় জোর, পুরসভা ও হাসপাতাল কর্তৃপক্ষের সমন্বয়ের বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালের চেহারা বদলাতে পরিচ্ছন্নতায় জোর, পুরসভা ও হাসপাতাল কর্তৃপক্ষের সমন্বয়ের বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা

বেসরকারি হাসপাতালের মতো পরিষেবা দিতে সরকারি হাসপাতালের পরিকাঠামো ঢেলে সাজাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই লক্ষ্যেই হাসপাতালের সামগ্রিক পরিবেশ ও পরিষেবার মান উন্নত করার দিকে বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। আর এই উদ্যোগের শুরুতেই হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখার উপর জোর দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

শুক্রবার স্বাস্থ্য ভবনে এক বৈঠকে সরকারি হাসপাতালের ভিতর ও বাইরের পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় পুরসভার মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য দফতরের। অন্যদিকে, হাসপাতাল চত্বরের বাইরের অংশ, রাস্তাঘাটের পরিচ্ছন্নতা এবং নিকাশি ব্যবস্থার দায়িত্ব সংশ্লিষ্ট পুরসভা বা স্থানীয় প্রশাসনের।

বৈঠকের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, কোনও সরকারি হাসপাতালে ঢোকার মুখে বা হাসপাতাল চত্বরে নোংরা পরিবেশ চোখে পড়লে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। কিন্তু প্রশাসনিক নিয়ম অনুযায়ী, হাসপাতালের বাইরের রাস্তাঘাট ও সংশ্লিষ্ট এলাকার পরিচ্ছন্নতার দায়িত্ব স্থানীয় পুরসভা বা সংশ্লিষ্ট সংস্থার উপর বর্তায়। তাই এই ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুরসভার মধ্যে সমন্বয় থাকা অত্যন্ত জরুরি।

পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে দুই পক্ষের দায়িত্বের মধ্যে যাতে কোনও ফাঁক না থাকে, তা নিশ্চিত করতেই এই আলোচনা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সরকারি হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার উপরও যে গুরুত্ব দেওয়া হচ্ছে, এই উদ্যোগে সেই বার্তাই স্পষ্ট।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top