‘মা কালীর অভিশাপেই প্রিজন ভ্যানে উঠতে হয়েছে’, কাকদ্বীপের সভা থেকে মমতাকে নিশানা শুভেন্দুর! সূর্যনগর-কাণ্ড টেনে তীব্র আক্রমণ

‘মা কালীর অভিশাপেই প্রিজন ভ্যানে উঠতে হয়েছে’, কাকদ্বীপের সভা থেকে মমতাকে নিশানা শুভেন্দুর! সূর্যনগর-কাণ্ড টেনে তীব্র আক্রমণ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



স্থান: কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা

শনিবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে এক জনসভা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাম না করে মমতার দিল্লিতে প্রিজন ভ্যানে ওঠার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সনাতনী শক্তির আঘাত এবং মা কালীর অভিশাপের কারণেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। ২০২৫ সালে কাকদ্বীপের সূর্যনগরে কালী প্রতিমাকে প্রিজন ভ্যানে তোলার বিতর্কিত ঘটনা উল্লেখ করে রাজনৈতিক মঞ্চ থেকে মমতাকে নিশানা করেন শুভেন্দু।

কাকদ্বীপের সভায় শুভেন্দু অধিকারী বলেন, “গত বছর সূর্যনগরে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল। যে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই নির্মম ঘটনা ঘটেছিল, তাঁকেও এ বছর মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। এটাই সনাতনের তাকত (শক্তি)। এটাই মা দুর্গা, মা কালীর আসল শক্তি। চিরদিন কারও সমান যায় না।”

একই সভা থেকে অতীতে তাঁকে লক্ষ্য করে পাথর ছোড়ার প্রসঙ্গও তোলেন শুভেন্দু। তাঁর দাবি, একসময় যাঁরা তাঁকে পাথর ছুড়ে অপমান করার চেষ্টা করেছিলেন, রাজনৈতিক পরিবর্তনের পর তাঁরাই এখন তাঁকে স্বাগত জানাচ্ছেন। এই বক্তব্যের মধ্য দিয়ে রাজ্যের রাজনৈতিক পালাবদল এবং নিজের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালে কাকদ্বীপের সূর্যনগরে কালী প্রতিমা ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। সেই সময় উত্তেজিত জনতা ও পুলিশের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, তৎকালীন আইপিএস আধিকারিক কোটেশ্বর রাওয়ের নেতৃত্বে উত্তেজিত জনতার উপর লাঠিচার্জ করা হয়। পরে কালী প্রতিমাকে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়।

ঘটনাটিকে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত বলে উল্লেখ করে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধীরা। ওই ঘটনার পর কোটেশ্বর রাওয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলেও উল্লেখ রয়েছে।

সেই পুরনো বিতর্ককেই ফের সামনে এনে কাকদ্বীপের সভা থেকে রাজনৈতিক আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। সূর্যনগরের কালী প্রতিমা-কাণ্ড এবং দিল্লিতে প্রিজন ভ্যানে ওঠার প্রসঙ্গকে একই সূত্রে জুড়ে তাঁর মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top