কলকাতা
ছাত্রছাত্রীদের মধ্যে রাষ্ট্রবাদী চেতনা গড়ে তুলতে প্রাথমিক স্তর থেকেই বিদ্যালয়ে নানা ধরনের সাংস্কৃতিক ও সহপাঠক্রমিক কার্যকলাপের উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পড়াশোনার পাশাপাশি বিতর্ক, কুইজ এবং তাৎক্ষণিক বক্তৃতার মতো প্রতিযোগিতার আয়োজন করার পরামর্শ দিয়েছেন তিনি। আগামী শিক্ষাবর্ষে রাজ্যের শিক্ষাব্যবস্থায় একাধিক পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘ককরোচ’-দের আটকাতে পড়ুয়াদের রাষ্ট্রবাদী করে তুলতে হবে। তাঁর বক্তব্য, ছোটবেলা থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে রাষ্ট্রবাদী চেতনা গড়ে তুলতে হলে পুঁথিগত পড়াশোনার বাইরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি করা জরুরি। সেই লক্ষ্যেই বছরে অন্তত তিন দিন বিতর্ক, কুইজ ও তাৎক্ষণিক বক্তৃতার মতো কর্মসূচি আয়োজনের পরামর্শ দিয়েছেন তিনি।
পাশাপাশি, স্কুলে বাদ্যযন্ত্র চর্চার উপরেও বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, প্রাথমিক স্তর থেকেই পড়ুয়াদের হারমোনিয়াম, তবলা, সেতার, গিটার, খঞ্জনি এবং মৃদঙ্গের মতো বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচিত করানো উচিত। এর মাধ্যমে পড়ুয়াদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি।
পুঁথিগত শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা, বক্তৃতা এবং প্রতিযোগিতামূলক কার্যকলাপের মাধ্যমে ছাত্রছাত্রীদের ব্যক্তিত্ব গঠনের উপর জোর দিয়েছেন শুভেন্দু অধিকারী। আগামী শিক্ষাবর্ষে এই ধরনের উদ্যোগ রাজ্যের স্কুলশিক্ষায় কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।




















