নয়াদিল্লি
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম ও জোড়াফুল প্রতীকের দাবিকে ঘিরে জটিলতা কাটাতে এ বার দুই গোষ্ঠীকে মুখোমুখি আলোচনায় ডাকল নির্বাচন কমিশন। আগামী ৩০ অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীকে দিল্লির নির্বাচন সদনে হাজির হতে বলা হয়েছে। কমিশনের তরফে দুই পক্ষকেই বেলা সাড়ে ৩টেয় সময় দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়—দু’জনের নামই পাশাপাশি উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে, আগামী সোমবার, ২৬ অক্টোবরের মধ্যে যাবতীয় তথ্য, দলিল ও নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। সূত্রের খবর, প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করার জন্যই লক্ষ্মীপুজোর রাতে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন ঋতব্রত।
জুন থেকে চলছে নাম ও প্রতীক নিয়ে টানাপড়েন
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম এবং জোড়াফুল প্রতীকের অধিকার কার, তা নিয়ে গত জুন মাস থেকেই দুই পক্ষের মধ্যে টানাপড়েন চলছে। এই বিরোধ মেটাতে এর আগে একাধিকবার দু’পক্ষের সঙ্গে আলোচনা করেছে নির্বাচন কমিশন। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সমাধানসূত্র মেলেনি।
এরই মধ্যে নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন হয়েছে। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীকে পৃথক নাম ও প্রতীক বরাদ্দ করেছিল কমিশন।
এ বার ৩০ অক্টোবরের বৈঠকে দুই পক্ষের বক্তব্য ও জমা দেওয়া নথিপত্র খতিয়ে দেখে কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। দীর্ঘদিনের এই জটিলতার অবসান হয় কি না, এখন সেটাই দেখার।



















