কলকাতা
তৃণমূলের দুই নেতাকে বিজেপিতে নেওয়া হলে আত্মহত্যা করবেন! বিজেপির রাজ্য দফতরের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীকে বিজেপিতে যোগদান করানো নিয়ে আপত্তি জানিয়ে দলের নেতৃত্বের কাছে কার্যত কাতর আবেদন জানিয়েছেন তিনি। তাঁর দাবি, ওই দুই নেতাকে দলে নেওয়া হলে ব্যারাকপুরে বিজেপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে।
কেন এমন হুঁশিয়ারি কৌস্তভের?
কৌস্তভ বাগচীর বক্তব্য, উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীকে বিজেপির নেতাদের সঙ্গে দেখা যাওয়ায় ব্যারাকপুরের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। তাই তাঁদের দলে যোগদান করানোর সিদ্ধান্ত যেন না নেওয়া হয়, সেই আবেদন জানিয়েছেন তিনি।
কৌস্তভ বলেন, “উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীকে আমাদের দলের লোকের সঙ্গে দেখে ব্যারাকপুরের মানুষ প্রতিক্রিয়া দিচ্ছেন। এটা ভালো ছবি হচ্ছে না। জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমি দলের কাছে হাতজোড় করে নিবেদন করব, এই মানুষগুলোকে যেন যোগদান করানোর ক্ষেত্রে না ভাবে।”
এরপরই আরও কড়া ভাষায় নিজের অবস্থান জানান বিজেপি বিধায়ক। তাঁর কথায়, “এই মানুষগুলো এখানে এলে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হবে। এর জন্য আমায় যদি আমাদের রাজ্য দফতরের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিতে হয়, তাই করব। আমার রাজনৈতিক দৃঢ়তা নিয়ে জানি, বাংলার মানুষের কোনও প্রশ্ন নেই। কারণ আমি সাড়ে তিন বছর মাথা কামিয়ে থেকেছি।”
মাথা কামিয়ে থাকার সেই প্রতিজ্ঞা
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের সময়ে গ্রেফতার হয়েছিলেন কৌস্তভ বাগচী। জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে না সরলে মাথায় চুল রাখবেন না। সেই প্রতিজ্ঞা মেনে দীর্ঘদিন মাথা কামিয়েই ছিলেন তিনি। বর্তমানে বিজেপির বিধায়ক কৌস্তভের মুখে ফের এমন কড়া হুঁশিয়ারি ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।




















