কলকাতা
পুরভোটে কি এনসিপিআইয়ের (NCPI) সঙ্গে জোট বাঁধবে বিজেপি (BJP)? গত কয়েক দিন ধরে রাজ্য রাজনীতিতে এই প্রশ্ন ঘিরে জল্পনা চলছিল। তবে পুরভোটে বিজেপি একাই লড়বে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্যে এনসিপিআইয়ের সঙ্গে জোটের সম্ভাবনা কার্যত নাকচ হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
লক্ষ্মীপুজোর দিন এনসিপিআইয়ে যোগ দেওয়া সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রীর যাওয়াকে কেন্দ্র করে বিজেপি-এনসিপিআই জোটের জল্পনা নতুন করে মাথাচাড়া দেয়। সেই আবহেই দলের অবস্থান স্পষ্ট করলেন শমীক।
কী বললেন শমীক ভট্টাচার্য?
বিজেপির রাজ্য সভাপতির দাবি, পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেই দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়েছে বিজেপি এবং সরকার গঠন করেছে। তাঁর বক্তব্য, বিজেপি বরাবর একাই লড়াই করেছে। তাই জোট নিয়ে অপ্রয়োজনীয় জল্পনা তৈরি করে লাভ নেই।
শমীক ভট্টাচার্য বলেন, “পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে তৃণমূলের নেতৃত্বের বিরুদ্ধে চার্জশিট দিয়ে আমরা দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়েছি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন। তাঁর নেতৃত্বে সরকার চলছে। নন-ইস্যুকে ইস্যু বানিয়ে লাভ নেই। বিজেপি বিজেপির মতো আছে। আমাকে আমার মতো থাকতে দাও।”
শমীকের এই মন্তব্যের পর পুরভোটে বিজেপি ও এনসিপিআইয়ের সম্ভাব্য জোট নিয়ে জল্পনা নতুন করে প্রশ্নের মুখে পড়ল। আপাতত বিজেপির রাজ্য নেতৃত্বের বার্তা, পুরভোটে দলের লড়াই হবে এককভাবেই।




















