কলকাতা
নির্বাচন কমিশনের কাছে নথি জমা দেওয়ার তৎপরতার মধ্যেই চোট পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে আহত হন তিনি। পায়ে ব্যথা নিয়েই কমিশনের কাজকে অগ্রাধিকার দিয়ে দিল্লি যেতে হয়েছে তাঁকে। ইতিমধ্যেই তাঁর এক্স-রে রিপোর্ট সামনে এসেছে। তাতে পায়ের একটি আঙুল ভেঙে যাওয়ার চিহ্ন মিলেছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার কলকাতায় ফিরে পায়ে প্লাস্টার করানোর কথা রয়েছে তাঁর।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিতে পারেনি ঋতব্রত-শিবির। এরপর সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়ে আরও ১০ দিন সময় পেয়েছে তারা। কমিশনের কাছে হলফনামা জমা দেওয়াকে কেন্দ্র করে দুই শিবিরের তৎপরতা এখন তুঙ্গে।
এই পরিস্থিতিতেই চোট পান ঋতব্রত। পায়ে ব্যথা থাকা সত্ত্বেও কমিশন সংক্রান্ত কাজের গুরুত্ব বিবেচনা করে দিল্লি যান তিনি। আপাতত সেখানেই রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, মঙ্গলবার তাঁর কলকাতায় ফেরার কথা। শহরে ফিরেই পায়ের চিকিৎসা করাবেন তিনি। আপাতত পায়ের আঙুলে চোট নিয়েই কমিশন সংক্রান্ত কাজ সামলাতে হচ্ছে তাঁকে।




















