প্রতিরক্ষা উৎপাদনে বড় পদক্ষেপ ভারতের! ভাদোদরায় তৈরি প্রথম C-295 পরিবহন বিমান, শীঘ্রই হাতে পেতে পারে বায়ুসেনা

প্রতিরক্ষা উৎপাদনে বড় পদক্ষেপ ভারতের! ভাদোদরায় তৈরি প্রথম C-295 পরিবহন বিমান, শীঘ্রই হাতে পেতে পারে বায়ুসেনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নয়াদিল্লি: প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে আরও এক ধাপ এগোচ্ছে ভারত। এবার দেশের মাটিতেই তৈরি সামরিক পরিবহন বিমান পেতে চলেছে ভারতীয় বায়ুসেনা। টাটা গোষ্ঠী ও ইউরোপের বিমান নির্মাণকারী সংস্থা এয়ারবাসের যৌথ উদ্যোগে গুজরাটের ভাদোদরায় তৈরি হয়েছে প্রথম C-295 সামরিক পরিবহন বিমান। প্রয়োজনীয় পরীক্ষা ও প্রযুক্তিগত পরিদর্শন শেষ হওয়ার পর বিমানটি এখন বায়ুসেনার হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত।

সূত্রের খবর, ২০২৬ সালের নভেম্বর মাসের শেষ সপ্তাহে বিমানটি আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেওয়া হতে পারে। যদিও সরবরাহের নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়নি। এই বিমান হাতে এলে দেশের সামরিক পরিবহণ ব্যবস্থায় আরও সক্ষমতা বাড়বে বলে মনে করা হচ্ছে।

ভাদোদরার কারখানায় তৈরি এই C-295 বিমানটি গত ১০ জুন, ২০২৬ প্রথমবার সফলভাবে আকাশে উড়েছিল। প্রথম উড়ানের পর থেকে বিমানটির কার্যক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা চালানো হয়। সমস্ত গুরুত্বপূর্ণ দিক খতিয়ে দেখার পরই সেটিকে সরবরাহের জন্য প্রস্তুত করা হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হল, ভারতে তৈরি এই বিমানটি মোট ৫৬টি C-295 বিমানের বরাতের ১৭তম বিমান। এই প্রকল্পের আওতায় প্রথম ১৬টি বিমান স্পেনে তৈরি করা হয়েছিল। বাকি ৪০টি বিমান ভারতেই তৈরি হওয়ার কথা। ফলে ভাদোদরার কারখানায় উৎপাদন শুরু হওয়া দেশের প্রতিরক্ষা শিল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিদেশি সংস্থার প্রযুক্তিগত সহযোগিতায় দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়ানোর এই প্রকল্প ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগেরও অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সামরিক পরিবহণের পাশাপাশি দেশের বিমান নির্মাণ শিল্পে দক্ষতা ও পরিকাঠামো বৃদ্ধিতেও এই প্রকল্প ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top