বদলে গেল নৈহাটি বড়মার পরিচিত স্লোগান! ‘ধর্ম যার যার, বড়মা সবার’-এর বদলে নতুন বার্তা, ঘোষণা পুজো কমিটির

বদলে গেল নৈহাটি বড়মার পরিচিত স্লোগান! ‘ধর্ম যার যার, বড়মা সবার’-এর বদলে নতুন বার্তা, ঘোষণা পুজো কমিটির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নৈহাটি: ‘ধর্ম যার যার, বড়মা সবার’—দীর্ঘদিন ধরে মানুষের মুখে মুখে ফিরেছে নৈহাটির বড়মার এই পরিচিত স্লোগান। কিন্তু আসন্ন কালীপুজোর আগে এবার বদলে গেল সেই পুরনো স্লোগান। নৈহাটির বিখ্যাত বড়মার নতুন স্লোগান হিসেবে ঘোষণা করা হল, ‘বড়মায়ে ভক্তি, সনাতনের শক্তি।’ সম্প্রতি মন্দির প্রাঙ্গণে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন স্লোগানের মোড়ক উন্মোচন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়-সহ বড়কালী পুজো সমিতির বিশিষ্ট কর্মকর্তা ও সদস্যরা। মন্দির কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে নতুন স্লোগান প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

কিন্তু হঠাৎ কেন এই স্লোগান পরিবর্তনের সিদ্ধান্ত? সেই প্রশ্নের জবাবে মন্দির কমিটির সদস্য তথা মুখপাত্র অনন্ত চট্টোপাধ্যায় জানিয়েছেন, স্লোগান পরিবর্তনের সঙ্গে রাজ্যের রাজনৈতিক পালাবদলের কোনও সম্পর্ক নেই। তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই মন্দিরের অসংখ্য ভক্ত, বিভিন্ন সংগঠন এবং রাজ্যের নানা প্রান্তের মানুষ পুরনো স্লোগান পরিবর্তনের আবেদন জানিয়ে আসছিলেন।

ভক্তদের আবেগ এবং তাঁদের সনাতনী ভাবনাকে সম্মান জানিয়েই নতুন স্লোগান আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। বিশিষ্টজনদের সঙ্গে আলোচনা এবং মন্দির কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের পরেই নতুন স্লোগানটি চূড়ান্ত করা হয়েছে।

কালীপুজোর আগে নৈহাটি বড়মার এই স্লোগান পরিবর্তন ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে কৌতূহল। দীর্ঘদিনের পরিচিত স্লোগানের জায়গায় নতুন বার্তা কতটা জনপ্রিয়তা পায়, এখন সেটাই দেখার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top