কলকাতা: রাজ্যে নতুন সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার আগেই বৃহস্পতিবার নতুন শিল্পনীতি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিল্পপতিদের আস্থা অর্জনের পাশাপাশি রাজ্যের জমি অধিগ্রহণ নীতি এবং সিঙ্গুরের শিল্প পরিকাঠামো পুনরুজ্জীবিত করা নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি। বিশেষ করে সিঙ্গুরে শিল্প ফেরানোর বিষয়ে অশোক লেল্যান্ডের সঙ্গে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
শিল্পপতিদের আশ্বস্ত করে শুভেন্দু অধিকারী বলেন, ”সিঙ্গুর নিয়ে অবশ্যই আমরা কোনও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করব। অশোক লেল্যান্ডের সঙ্গে আমার প্রাথমিক স্তরের কথা হয়েছে। তবে আমরা আগের সরকারের মতো দায়িত্বজ্ঞানহীনভাবে কেবল মৌ স্বাক্ষর করেই দায় সারব না। তাই এখনই বিস্তারিত কিছু বলছি না।”
পাশাপাশি রাজ্যের জমি অধিগ্রহণ নীতি নিয়েও নিজের সরকারের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। অতীতের বাম ও তৃণমূল সরকারের জমি নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ”আমরা একদিকে যেমন বাম আমলের মতো জমির জন্য কৃষকদের ওপর গুলি চালাতে পারব না, অন্যদিকে আবার বিগত তৃণমূল সরকারের মতো শিল্পপতিদেরও বলতে পারব না যে আপনারা নিজেদের জমি নিজেরাই জোগাড় করে নিন।”
শিল্পের জন্য জমি অধিগ্রহণ এবং প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির ক্ষেত্রে রাজ্য সরকার শিল্পপতিদের পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ তৈরি করতে জমি ও পরিকাঠামো সংক্রান্ত বিষয়ে সক্রিয় ভূমিকা নেবে রাজ্য সরকার।
নতুন শিল্পনীতি ঘোষণার পাশাপাশি সিঙ্গুরে শিল্প পুনরুজ্জীবনের ইঙ্গিত এবং জমি অধিগ্রহণ নিয়ে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে রাজ্যের শিল্পমহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।




















