কলকাতা: জরুরি আর্থিক প্রয়োজন মেটাতে রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন ঋণ প্রকল্প চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রকল্পের নাম ‘ওয়েস্ট বেঙ্গল স্যালারি অ্যাডভান্স স্কিম’। এই প্রকল্পের মাধ্যমে কর্মীরা নিজেদের মাসিক বেতনের ভিত্তিতে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ঋণ নিতে পারবেন। গত ৩ নভেম্বর এই প্রকল্প নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দফতর। পরদিন, অর্থাৎ ৪ নভেম্বর, প্রকল্পটি বাস্তবায়নের জন্য ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাগুলির কাছ থেকে আগ্রহপত্র চাওয়া হয়েছে।
চিকিৎসার খরচ, সন্তানের পড়াশোনা, পারিবারিক প্রয়োজন কিংবা অন্য কোনও জরুরি আর্থিক পরিস্থিতিতে এই ঋণ নেওয়ার সুযোগ থাকবে। পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) অনুমোদিত ব্যাঙ্ক ও আর্থিক সংস্থার মাধ্যমে ঋণ দেওয়া হবে বলে জানা গিয়েছে।
এই প্রকল্পে মূলত দুই ধরনের ঋণের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথমটি হল ‘শর্ট টার্ম অ্যাডভান্স’। এই ব্যবস্থায় রাজ্য সরকারি কর্মীরা তাঁদের মাসিক হাতে পাওয়া বেতনের সর্বাধিক ৫০ শতাংশ পর্যন্ত অগ্রিম নিতে পারবেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ ৬০ দিনের মধ্যে অথবা পরবর্তী বেতন পাওয়ার সময়ের মধ্যে সেই টাকা ফেরত দিতে হবে। সময়মতো টাকা ফেরত দিলে কোনও সুদ দিতে হবে না।
দ্বিতীয় ব্যবস্থাটি হল ‘মাল্টি মান্থ অ্যাডভান্স’। এটি দীর্ঘমেয়াদি ঋণের সুবিধা হিসেবে চালু করার পরিকল্পনা করা হয়েছে। তবে এই ঋণের পরিমাণ, সুদের হার এবং পরিশোধের নিয়ম সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকল্পের সম্পূর্ণ নির্দেশিকা অনুযায়ী জানা যাবে।
নতুন এই প্রকল্প চালু হলে জরুরি আর্থিক প্রয়োজনে রাজ্য সরকারি কর্মীদের ঋণ পাওয়ার ক্ষেত্রে বিকল্প সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে চিকিৎসা, শিক্ষা কিংবা পারিবারিক খরচের মতো প্রয়োজন মেটাতে এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর।




















