
নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৩০ শে জুলাই :বীরভূম জেলা জুড়ে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের গতি কেমন তা পরিদর্শন করতে এদিন বোলপুরে আছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের যুগ্ম সচিব লীনা জোহরি। দুপুর ১২ টায় তিনি বোলপুর সার্কিট হাউজে এসে পৌঁছান। তারপর বোলপুর নেতাজি মার্কেটের স্বনির্ভর গোষ্ঠীর দলের মেয়েদের সঙ্গে কথা বলেন। তাদের তৈরি কাজ দেখেন ও অভাব অভিযোগের ব্যাপারেও জিজ্ঞাসা করেন। তারপর তিনি রায়পুর সুপুর পঞ্চায়েতের অন্তর্গত মির্জাপুর গ্রামের সেলফ-হেল্প গোষ্ঠীর মেয়েদের সঙ্গে কথা বলেন। দীর্ঘক্ষন ধরে তাকে তাদের কাজের ব্যাপারে জানান গোষ্ঠীর মহিলারা। বেশ কিছু মহিলা তাদের অভাব অভিযোগের কথা জানালে যুগ্ম-সচিব সেই বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দেন।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান বোলপুরের বিভিন্ন এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে কথা বলে তিনি দেখলেন মোটের ওপর প্রকল্পগুলি ঠিকভাবে চলছে। আগামী দিনে যাতে কোনো সমস্যা না হয় সে দিকে তার নজর থাকবে। এছাড়াও এই প্রকল্পগুলিকে আরো কিভাবে উন্নতি সাধন করা যায় সেই নিয়েও তিনি গ্রামোন্নয়ন দপ্তরে জানাবেন। স্বনির্ভর দলের মহিলাদের দাবি কিছু কিছু ক্ষেত্রে এখনো সমস্যা রয়েছে। আগামী দিনে যাতে সেগুলি মিটিয়ে নেয়া হয় তার জন্য তারা আবেদন জানালেন। এদিন যুগ্ম সচিবের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক (রুরাল) ও বোলপুর মহকুমা শাসক অভ্র অধিকারী সহ বিভিন্ন আধিকারিকরা। বোলপুর সহ জেলার বিভিন্ন জায়গায় গিয়ে পরিদর্শন করা হবে।



















