
নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৩রা আগস্ট : মহঃ বাজার থানার চরিচা পঞ্চায়েতের বৈদ্যনাথ পুরের পান্ডবতলা।আর সেখানে ভালো বৃষ্টির আশায় শ্রাবণ মাসের শনিবার পুজো দিলেন ভক্তরা। বহু প্রাচীন কাল থেকে এই পুজো হয়ে আসছে।এই পুজোতে কোনো ফলমূল নয়,ভক্তরা পান্ডবতলায় নিবেদন করেন পায়েস।কথিত আছে অঞ্জাতবাসের কালে পঞ্চ পান্ডব এই স্হানে এক রাত্রি কাটিয়েছিলেন।এখানে পাওয়া কয়েকটি অস্ত্র।যেগুলোকে পান্ডবদের অস্ত্র মনে করে বিশালাকার বটগাছের নিচে পুজো করেন গ্রামবাসীরা এছাড়া ছয়টি শিলাকেও পুজো করা হয়।গ্রামবাসীদের কাছে পাঁচটি শিলা পঞ্চ পান্ডবের প্রতীক।আর একটি শিলাকে দ্রোপদ্রী রুপে পুজো করা হয়।এই গ্রামের লক্ষ্মীকান্ত সাহা বলেন-“এখানে গাছের মুড়ো কেটে উঠাবার সময় পাঁচ খানা তরোয়াল পাওয়া যায়।সেগুলোর ওজন ৫ থেকে ৭কেজি করে ছিল। বেশিরভাগ অস্ত্র চুরি হয়ে গেছে।এই অস্ত্র গুলি পঞ্চপান্ডবের ছিল।তারা এগুলো ব্যবহার করত।” বেশিরভাগ অস্ত্র চুরি হলেও উৎসাহে ঘাটতি নেই রাজপুত অধ্যূষিত বৈদ্যনাথ পুর গ্রামবাসীদের।শ্রাবণ মাসের কোনো মঙ্গলবার বা শনিবার বৃষ্টির আশায় এই পুজো করেন গ্রামবাসীরা।এই গ্রামের প্রভাকর সিংহ বলেন-পঞ্চপান্ডব বনবাসকালে হস্তিনাপুরের থেকে বিরাট রাজ্যে যান।যাবার পথে বৈদ্যনাথ পুর গ্রামে কিছুদিন বসবাস করেন।প্রতি বছর বৃষ্টির কামনায় এই পুজো করা হয়।আর এই পুজোতে পায়েস ভোগ দেওয়া হয়। পান্ডবতলাতে রান্না করা হয় আতপ চালের পায়েস।পুজো শেষে পায়েস প্রসাদ দেওয়া হয় সকলকে।এই পান্ডবতলার ভোগে শুধু পায়েস রান্না হয়।আর সেই পায়েস পেটপুরে খেয়ে তৃপ্তি লাভ করেন গ্রামবাসীরা।শুধু বৈদ্যনাথ পুরের গ্রামবাসীরাই নয়,এখানে পায়েস ভোগ খেতে ভিড় করেন নরঙ্গি,রাগডি,কদমহিড়, বর্ডার,ছাগলাকুড়ি গ্রামের মানুষেরা।সেবাইত পরিবারের পক্ষে অরবিন্দ মিশ্র বলেন-“হোমের যে চরু রান্না হতো,সেই চরু বা পায়েস পঞ্চ পান্ডবরা খেতেন।পঞ্চ পান্ডবরা পায়েস পছন্দ করতেন বলেই পঞ্চপান্ডবের পুজোতে পায়েস নিবেদন করা হয় এবং প্রসাদ হিসেবে সকলকে পাতপেড়ে পায়েস খাওয়ানো হয়।”বৃষ্টির কামনায় পঞ্চ পান্ডবের শরণাগত হন গ্রামবাসীরা।পায়েসেই তুষ্ট করতে চান পঞ্চ পান্ডব কে।



















